চট্টগ্রামে পদ্মা সেতুর একাউন্টে মাত্র ২০ হাজার টাকা

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২১:৫৯
পদ্মা সেতু নির্মাণের জন্য জনগণের স্বেচ্ছায় দান করা অর্থ সংগ্রহ করতে খোলা ব্যাংক একাউন্টে গত ৭ মাসে মাত্র ২০ হাজার টাকা জমা হয়েছে চট্টগ্রামে। সাধারণ মানুষ দূরে থাকুক, আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের স্থানীয় নেতা, সরকার সমর্থক হিসেবে পরিচিত স্থানীয় ব্যবসায়ী ও শিল্পপতিরাও পদ্মা সেতুর জন্য টাকা দেননি বলে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক সূত্র জানিয়েছে। কমিশন প্রাপ্তির সুযোগ না থাকায় বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো অর্থ সংগ্রহে আগ্রহ দেখাচ্ছে না বলে অভিযোগ থাকলেও ব্যাংক কর্মকর্তারা বলেছেন, জনগণকে উদ্বুদ্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে তেমন একটা উদ্যোগ নেয়া হচ্ছে না। এ কারণে চট্টগ্রামের মত বড় শহরে পদ্মা সেতুর তহবিলে টাকা সংগৃহীত হয়েছে খুব সামান্যই। চট্টগ্রাম চেম্বারসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন পদ্মা সেতুর জন্য আর্থিক সহায়তা দিতে আগ্রহী। তবে তারা ব্যাংকের একাউন্টে টাকা জমা না দিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত্ করে তার হাতেই পদ্মা সেতুর জন্য টাকা দিতে চান। কিন্তু সাক্ষাত্ করার অনুমতি না পাওয়ায় সহযোগিতার হাত বাড়াতে পারছেন না বলে জানিয়েছেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম জানান, পদ্মা সেতুর জন্য আমরা চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে ১ কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের অনুমতি না পাওয়ায় টাকা দেয়া সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, পদ্মা সেতু নির্মাণের জন্য জনগণের স্বেচ্ছায় দান করা অর্থ সংগ্রহের জন্য সরকার সোনালী ব্যাংকসহ দেশের সকল বাণিজ্যিক ব্যাংকে একাউন্ট খোলার সিদ্ধান্ত গ্রহণ করে। বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয় সূত্র জানায়, গত ৭ মাসে বৃহত্তর চট্টগ্রাম, ৩ পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এবং কক্সবাজারের কোনো বাণিজ্যিক ব্যাংকের শাখাতেই পদ্মা সেতুর একাউন্টে কোনো অর্থ জমা হয়নি। শুধু চট্টগ্রাম নগরীর সোনালী ব্যাংকের লালদীঘি শাখায় মাত্র ২০ হাজার টাকা জমা হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে জানা গেছে।