হরতাল চলাকালে সহিংসতায় নিহতদের স্বজনদের সমবেদনা জানাতে ও ক্ষতিগ্রস্ত মন্দির-বিগ্রহ পরিদর্শন করতে আজ শনিবার বগুড়া ও কাল রবিবার জয়পুরহাট সফর করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সফরকালে তিনি একটি জনসভা, দুটি পথসভা ও শোক সমাবেশে বক্তব্য রাখবেন। এ সময় তার সঙ্গে থাকছেন দলের সিনিয়র নেতারা।
দলীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার বেগম জিয়ার বগুড়া সফরের কর্মসূচি থাকলেও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে তা একদিন পিছিয়ে দেয়া হয়। আজ বেলা ৩টায় খালেদা জিয়া রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে রাতে বগুড়া সার্কিট হাউজে পৌঁছবেন। এর আগে বঙ্গবন্ধু সেতু সংলগ্ন যমুনা রিসোর্টে তিনি যাত্রা বিরতি করবেন।
পরদিন রবিবার সকাল পৌনে ১১টায় বগুড়ার মাটিঢালি বিমান মোড়ে সম্প্রতি সহিংসতায় নিহতের স্বজনদের সঙ্গে সাক্ষাত্ করবেন এবং পথসভায় যোগ দেবেন। কালাই বাসস্ট্যান্ড এলাকায়ও একটি পথসভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে তার। পথসভা শেষে তিনি যাবেন জয়পুরহাটের পাঁচবিবি কুসুম্বা ইউনিয়নে। সেখানে হরতালের সময় নিহত ৬ জনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত্ ও তাদের আর্থিক অনুদান প্রদান করবেন। পরে উপজেলার শালাইপুর উচ্চ বিদালয় মাঠে বিএনপি আয়োজিত শোকসভায় ভাষণ দেবেন।
জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী জানান, ৪ মার্চের হরতালে পাঁচবিবি পৌর ও পল্লীবিদ্যুত্ এলাকায় পুলিশ ও বিজিবির গুলিতে নিহতদের পরিবারকে সমবেদনা ও আর্থিক অনুদান দেয়ার জন্যই তিনি জয়পুরহাট আসছেন। জনসভার জন্য স্থানীয় শালাইপুর বিদ্যালয় মাঠে মঞ্চ তৈরিসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জয়পুরহাট থেকে ফিরে বগুড়া সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজ শেষে গাবতলীর সোনারা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করবেন খালেদা জিয়া। পরে শাহজাহানপুর উপজেলার অরিয়াবাজারে নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাত্ ও শোকসভায় অংশ নিয়ে রাতে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
প্রসঙ্গত, গত ৩ মার্চ জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলাকালে বগুড়ায় সহিংসতায় ১৪ জন নিহত হন। এর আগে বেগম জিয়া মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ সফর করেন।
রাষ্ট্রপতির মৃত্যুতে বিএনপির তিন দিনের শোক
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে বৃহস্পতিবার থেকে তিন দিনের শোক পালন করছে বিএনপি। এজন্য সারা দেশে বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আজ শনিবার পর্যন্ত দলের সব কর্মসূচিও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
