মুসলমানদের সঙ্গে সংলাপে বসতে পশ্চিমাদের প্রতি আহ্বান পোপের

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২২:২৮
মুসলমানদের সঙ্গে সংলাপে বসতে পশ্চিমাদের প্রতি জোরালো আহবান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি গরীবদের সাহায্যে এগিয়ে আসতে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়ার জন্যও ধনী দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন। খবর রয়টার্সের। ভ্যাটিকানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে এমন ১৭০টি দেশের কূটনীতিকদের সঙ্গে গতকাল শুক্রবার এক বৈঠকে পোপ এই আহবান জানান। তিনি তার এই বার্তা নিজ দেশের সরকার প্রধানদের অবহিত করার জন্যও উপস্থিত কূটনীতিকদের প্রতি আহবান জানান। তিনি তার অভিষেক অনুষ্ঠানে মুসলিমসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের উপস্থিত থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। দরিদ্র্যতা প্রসঙ্গে পোপ বলেন, আমাদের চিন্তা করতে হবে যারা গরীব তারা কতটা দুর্ভোগের মধ্যে জীবন কাটাচ্ছে। শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ সম্পর্কে পোপ বলেন, আমাদের বিভিন্ন ধর্মের মধ্যে বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বীদের সঙ্গে সংলাপ করতে হবে। আর এজন্য দরকার ঈশ্বরের সঙ্গে সংযোগ থাকা। ঈশ্বরের আরাধনা না করলে এগুলোর বাস্তবায়ন সম্ভব নয়। আবার একশ্রেণীর মানুষকে অবজ্ঞা করেও ঈশ্বরের কৃপালাভ সম্ভব নয়। তাই আমাদের জীবনের সর্বস্তরে ধর্মকে গুরুত্ব দিতে হবে। পোপ ‘ফ্রান্সিস’ উপাধি নেয়ার বিষয়ে বলেন, সেন্ট ফ্রান্সিস গরীব এবং প্রকৃতিকে ভালবাসতেন।