ইসরাইলের বিমান হামলায় এক অন্তসত্ত্বা নারীসহ ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল রবিবারও গাজায় ইসরাইলের বিমান হামলা অব্যাহত ছিল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলা চালিয়ে যেতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। শুক্রবার থেকে গত তিনদিনে ২০ ফিলিস্তিনি নিহত হলেন যাদের মধ্যে ৭ জন বেসামরিক। এছাড়া হামাসের রকেট হামলায় তিন ইসরাইলি নিহত হয়েছেন। খবর রয়টার্সের
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার থেকে ছয় শতাধিক রকেট হামলা হয়েছে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহরে। জবাবে তারা গাজার অন্তত ২৬০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। পুলিশ জানায়, আশকেলনে রকেট হামলায় ৫৮ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন। ২০১৪ সালে গাজায় দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ইসরাইলের কোনো বেসামরিক নাগরিক নিহত হলেন। এছাড়া শহরে পৃথক হামলায় আরো দুইজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরাইলের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামাসের অন্যতম কমান্ডার হামেদ আহমেদ আল খোদারিসহ অন্তত সাত ফিলিস্তিনি বন্দুকধারী বিমান হামলায় নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবারের হামলায় নিহতদের মধ্যে এক অন্তসত্ত্বা নারী ও তার ১৪ মাসের ভাতিজা রয়েছে। পবিত্র রমজানের আগে এই বিমান হামলা গাজায় মুসলিমদের মধ্যে আতংক সৃষ্টি করেছে।
