পুলিশ বলল তার নাম বরিশাইল্যা আরিফ!

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২২:৩৩
রাজধানীর হাতিরঝিলে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত যুবকের লাশ পড়ে আছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে। গতকাল পর্যন্ত তার কোন স্বজন যোগাযোগ করেনি। ঘটনার পর রমনা থানায় দায়ের করা মামলায় নিহত এ যুবককে অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে। তবে মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত যুবক দুর্ধর্ষ ডাকাত এবং ছিনতাইকারী সুলতান গ্রুপের সেকেন্ড ইন কমান্ড। তার নাম আরিফ ওরফে বরিশাইল্ল্যা আরিফ। গত কয়েক বছর ধরে রাজধানী এবং পার্শ্ববর্তী এলাকায় বহুডাকাতি ও ছিনতাইয়ের অন্যতম হোতা। পায়ে গুলি করে মোটা অংকের টাকা ছিনতাই, সোনার দোকান, বাসাবাড়িতে এ গ্রুপের অন্যতম টার্গেট। বরিশাইল্ল্যাহ আরিফের বিরুদ্ধে সূত্রাপুর, কোতয়ালী, যাত্রাবাড়ী, ধানমন্ডি, বংশালসহ ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় এ পর্যন্ত ৭ ডাকাতি, খুন ও ছিনতাই মামলার সন্ধান পাওয়া গেছে। মহানগর গোয়েন্দা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছে নিহত যুবকের পরিচয় সম্পর্কে বলেন, সোর্সের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। তার নাম বরিশাইল্ল্যা আরিফ। গ্রামের বাড়ি সম্ভবত ঝালকাঠিতে। গত বৃস্পতিবার রাতে হাতিরঝিল এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এ যুবক নিহত হয়। পুলিশের দাবী ঐ যুবকসহ কয়েকজন ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল।