মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ২১:৩৮
লিওনেল মেসি নিজে এক গোল করার পাশাপাশি দলের জয়ে মুখ্য ভূমিকা রাখলেন সতীর্থদের আরো দুটি গোলের সুযোগ বানিয়ে দিয়ে। তাতে ২০১৪ বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলায় আর্জেন্টিনা সফরকারী ভেনেজুয়েলার বিরুদ্ধে ৩-০ গোলে জিতে নিজেদের অবস্থান আরো সংহত করলো। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়াম গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত খেলাটিতে জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের পরবর্তী আসর। অধিনায়ক মেসি সতীর্থ গঞ্জালো হিগুয়েইনের দেয়া দুই গোলের কারিগর। গোল দুটি আসে মেসিরটির আগে পরে। মেসি প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে জোরালো পেনাল্টিতে গোলটি করেন। বার্সেলোনার সুপারস্টার মেসি ছিলেন খেলায় আর্জেন্টিনার সেরা খেলোয়াড়। টানা চারবারের ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়ের অসাধারণ নৈপুণ্য এবং হিগুয়েইনের ক্ষিপ্রগতির কাছে অসহায় ছিলেন প্রতিপক্ষ গোলরক্ষক ড্যানিয়েল হার্নান্দেজ। হিগুয়েইনের প্রথম গোলটি আসে ২৯ মিনিটে। এরপর ভেনেজুয়েলার ডিফেন্ডার গ্যাব্রিয়েল চিচহিরো মেসিকে বাধা দিলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। ৪৫তম মিনিটে মেসির দুরন্ত গতির কিক আর্জেন্টিনাকে এগিয়ে দেয় ২-০ গোলে। স্বাগতিকদের তৃতীয় গোলটি আসে ৫৯ মিনিটে যখন মেসি তার চিরচেনা ধাঁধা লাগানো দৌড়ে এগিয়ে গিয়ে বল বাড়ান হিগুয়েইনকে। রিয়াল মাদ্রিদের তারকার কোন ভুল হয়নি। আর্জেন্টিনা ৩-০ ব্যবধান গড়ার পর ভেনেজুয়েলার পক্ষে ২০১১ সালে ম্যারাডোনার দেশকে ১-০ গোলে হারানোর মতো কোন কিছু করে দেখানোর শেষ সুযোগটুকুর অবশিষ্ট থাকে না। কোচ আলেসান্দ্রো সাবেলার দল এ জয়ের পর দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে থাকা কলম্বিয়া থেকে চার পয়েন্টে এগিয়ে থাকলো। আর্জেন্টিনার অর্জন দশ ম্যাচে ২৩ পয়েন্ট। বাছাই পর্বে আর ছয়টি ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার। অচিন্তনীয় কোন ধসই এখন কেবল আর্জেন্টিনাকে ব্রাজিলে যাওয়ার পথ থেকে সরিয়ে দিতে পারে। তাদের পরবর্তী খেলাটি হবে আগামী মঙ্গলবার বলিভিয়ার লা পাজে। এর আগে শুক্রবার মহাদেশীয় বাছাইয়ের আরেক খেলায় কলম্বিয়া একতরফা খেলে বলিভিয়াকে ৫-০ গোলে হারায়। এ জয়ে ১৬ বছর বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ বঞ্চিত কলম্বিয়া এখন পর্যন্ত ব্রাজিলের টিকেট জোগাড়ের পথেই রয়েছে। কলম্বিয়ার হয়ে গোল করেন ম্যাকনেলি তোরেস, কার্লোস ভালদেজ, টিওফিলো গুতিয়েরেজ, অ্যাতলেটিকো মাদ্রিদের তারকা রাদামেল ফ্যালকাও এবং পাবলো আরমেরো। ইকুয়েডরকে টপকে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠে আসল হোসে পেকারম্যানের অধীনে থাকা কলম্বিয়া। আর্জেন্টিনার কোচ হিসেবেও এক সময় দায়িত্ব পালন করেছেন পেকারম্যান। মন্টেভিডিওতে উরুগুয়ে ও প্যারাগুয়ের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা প্যারাগুয়ের বিপক্ষে ড্র করায় বিশ্বকাপ স্বপ্ন হোঁচট খেল কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের। ম্যাচের ৮২ মিনিটে লিভারপুলের স্ট্রাইকার লুইজ সুয়ারেজ গোল করে উরুগুয়েকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু চার মিনিটের মধ্যে প্যারাগুয়ের বদলি খেলোয়াড় এডগার বেনিতেজ গোলটি শোধ করে দেন। উরুগুয়ে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে অবস্থান করছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলে নয়টি দল লড়াই করছে। সেরা চার দল সরাসরি বিশ্বকাপে চলে যাবে। পঞ্চমস্থান অধিকার করা দলটি প্লে অফ খেলবে এশিয়ায় পঞ্চম হওয়া দলটির বিপক্ষে। ব্রাজিল আয়োজক হিসেবে সরাসরি খেলবে বিশ্বকাপে।