ইংল্যান্ড বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইয়ে দুর্বল স্যান মেরিনোর বিরুদ্ধে ৮-০ গোলে জিতলেও গত শুক্রবার রাতের খেলাগুলোয় ফুটবলামোদীদের বেশি নজর কাড়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সাথে ফিনল্যান্ডের ১-১ গোলের ড্রটি। যদিও বড়দলগুলোর মধ্যে জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ড নিজ নিজ প্রতিপক্ষের বিরুদ্ধে প্রত্যাশিত জয় পায়।
সের্জিও র্যামোস এই রাতে নিজের শততম আন্তর্জাতিক ম্যাচে স্প্যানিশদের পক্ষে গোলের সূচনা করলেও শেষ হাসি হাসে ফিনিশরা। কেননা গিজনের বিপক্ষের মাঠে খেলা শেষ হওয়ার ১১ মিনিট আগে গোলটি শোধ করে দেন ফিনল্যান্ডের টিমু পুকি। এ ড্র পয়মন্ত হয়ে দেখা দেয় ফ্রান্সের জন্য। কেননা স্প্যানিশদের পয়েন্ট খোয়ানোয় ‘আই’ গ্রুপে স্পেনকে পেছনে ঠেলে দিয়ে শীর্ষস্থান দখল করে নেয় এই রাতে জর্জিয়াকে ৩-১ গোলে হারানো ফরাসিরা। তার মধ্যে আবার শক্তিধর দেশদুটি আগামী মঙ্গলবার প্যারিসে একে অপরের মোকাবেলা করবে।
বলকানের দুই দেশের গুরুত্বপূর্ণ লড়াইটিও নজর কাড়ে ক্রীড়ামোদীদের। কেননা যুগোশ্লাভিয়া ভেঙ্গে গড়ে ওঠা দুই দেশ ক্রোয়েশিয়া ও সার্বিয়া এই প্রথম পরস্পরের মুখোমুখি হয়। জাগরেবে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের খেলাটিতে ক্রোয়েশিয়া ২-০ গোলে হারিয়ে দেয় ওই অঞ্চলের শক্তিধর দেশ সার্বিয়াকে। এ জয়ে গ্রুপ শীর্ষে থাকা বেলজিয়ামের সমকক্ষ হলো ক্রোয়াটরা।
জার্মানি অবশ্য ‘সি’ গ্রুপে সর্বশেষ খেলাতেও কাজাখস্তানের বিরুদ্ধে ৩-০ গোলের প্রত্যাশিত জয় পেয়ে এখনো অপরাজিত থাকলো। ইংল্যান্ডের জন্যও রাতটি ছিল সহজ, কেননা তারা ইউরোপের দুর্বলতম ফুটবল খেলুড়ে দেশ বিশ্ব র্যাংকিংয়ে ২০৭ নম্বরে থাকা সান ম্যারিনোকে ৮-০ গোলে পরাজিত করে। ১৯৮৭ সালের অক্টোবরে তুরস্ককে একই ব্যবধানে হারানোর পর এটাই তাদের সবচাইতে বড় জয়ের ঘটনা।
এ জয়ের পরও ‘এইচ’ গ্রুপে সবার উপরে আছে মন্টেনেগ্রো যারা এই রাতে মোলদোভায় স্বাগতিকদের ১-০ গোলে হারায়। যদিও অধিকাংশ সময়ে সফরকারীরা দশজন নিয়ে খেলতে হয়েছিল। ডেনমার্ক অনেক দেরিতে হলেও বি গ্রুপে তাদের প্রথম জয়ের দেখা পেয়েছে। চেক প্রজাতন্ত্রে খেলতে গিয়ে দেশটি ৩-০ গোলে হারায় স্বাগতিকদের। অপরদিকে বসনিয়া হারজেগোভিনা ‘জি’ গ্রুপের খেলায় ৩-১ গোলে হারায় দ্বিতীয় স্থানে থাকা গ্রীসকে।
এক নজরে গুরুত্বপূর্ণ খেলাগুলোর ফল
গ্রুপ এ
ক্রোয়েশিয়া ২ সার্বিয়া ০
মেসিডোনিয়া ০ বেলজিয়াম ২
স্কটল্যান্ড ১ ওয়েলস ২
গ্রুপ বি
বুলগেরিয়া ৬ মাল্টা ০
চেক প্রজাতন্ত্র ০ ডেনমার্ক ৩
গ্রুপ সি
কাজাখস্তান ০ জার্মানি ৩
অস্ট্রিয়া ৬ ফারো আইল্যান্ড ০
সুইডেন ০ আয়ারল্যান্ড ০
গ্রুপ ডি
অ্যান্ডোরা ০ তুরস্ক ২
হাঙ্গেরি ২ রোমানিয়া ২
নেদারল্যান্ডস ৩ এস্তোনিয়া ০
গ্রুপ ই
স্লোভেনিয়া ১ আইসল্যান্ড ২
নরওয়ে ০ আলবেনিয়া ১
গ্রুপ এফ
ইসরাইল ৩ পর্তুগাল ৩
লুক্সেমবার্গ ০ আজারবাইজান ০
গ্রুপ জি
বসনিয়া ৩ গ্রীস ১
গ্রুপ এইচ
মলদোভা ০ মন্টেনেগ্রো ১
পোলান্ড ১ ইউক্রেন ৩
সান মারিনো ০ ইংল্যান্ড ৮
গ্রুপ আই
স্পেন ১ ফিনল্যান্ড ১
ফ্রান্স ৩ জর্জিয়া ১
