আবাহনী না শেখ রাসেল; ‘বি’ গ্রুপ থেকে স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনালে কোন দল যাবে? এই প্রশ্নের উত্তরের জন্য এখন এই দুই দলের মুখোমুখি ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে। কারণ এমিলি, মিঠুনের গোলে শেখ রাসেল ক্রীড়াচক্র ২-০ ব্যবধানে ফরাশগঞ্জকে হারানোয় এখন শেখ রাসেল এবং আবাহনী সমান অবস্থানে দাঁড়িয়েছে। ডেথ গ্রুপের দুই দল আবাহনী এবং শেখ রাসেল দুই খেলায় ছয় পয়েন্ট করে পেয়েছে। যে কোনো একটি দলকে বাদ পড়তে হবে। ফলে বৃহস্পতিবার শেখ রাসেল ও আবাহনীর ম্যাচটি টুর্নামেন্টের অলিখিত ‘সেমিফাইনাল’ হয়ে গেল।
গতকাল ফরাশগঞ্জের বিরুদ্ধে শেখ রাসেল যদি বড় ব্যবধানে ম্যাচ জিততে পারত, তাহলে অংকের হিসাবে এগিয়ে থাকত রাসেল। কিন্তু কমলাপুর স্টেডিয়ামে সেটি হয়নি। বড় ব্যবধান তো দূরের কথা, কাল তো ফরাশগঞ্জের বিরুদ্ধে শেখ রাসেলের ম্যাচটা ১-১ গোলে ড্র হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। হয়নি ফরাশগঞ্জের শফিক, আমিনুল ইসলাম রিপন এবং ওনর হোসেন রিপনের ব্যর্থতায়। ১-০ গোলে পিছিয়ে থাকা ফরাশগঞ্জের এই ফরোয়ার্ডরা একটার পর একটা সুযোগ নষ্ট করেন।
শেখ রাসেল পেনাল্টি গোলে এগিয়ে যায় ম্যাচের ২৩ মিনিটে। উইংগার জাহিদ হোসেন বল নিয়ে ফরাশগঞ্জের বক্সে ঢুকছিলেন। গোলপোস্ট ছেড়ে দৌড়ে এসেছিলেন গোলকিপার শাহানশাহ। আলতো ছোঁয়ায় না লাগতেই মাটিতে লুটিয়ে পড়ে রেফারিকে ফাঁদে ফেললেন জাহিদ। রেফারিও পেনাল্টির নির্দেশ দিলেন। প্রতিবাদ করেছিলেন ফরাশগঞ্জের ফুটবলাররা, কাজ হয়নি।
সুযোগ সন্ধানী এমিলি পেনাল্টি থেকে এগিয়ে দিলেন শেখ রাসেলকে। ৫৪ মিনিটে ফরাশগঞ্জ সমতা আনার সুযোগ পেল। শফিক শট করতে ব্যর্থ হলেন, বল গেল আমিনুল ইসলাম রিপনের পায়ে। তিনিও পোস্টে শট করতে পারলেন না। ৮৮ মিনিটে আরো সহজ সুযোগ পেল ফরাশগঞ্জ। শেখ রাসেলের পোস্টে গোলকিপার বিপ্লব একা। বদলি ফুটবলার নূর হোসেন রিপন বল পাঠালেন পোস্টের উপর দিয়ে।
ইনজুরি টাইমে শেখ রাসেলের বদলি স্ট্রাইকার আনোয়ারের কর্নার শটের বল এমিলি হেড করে বদলি স্ট্রাইকার মিঠুনের মাথায় ফেলেন। গোল লাইনের কাছে দাঁড়ানো মিঠুন আলতো ছোঁয়ায় জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করে দেন।
ম্যাচ শেষে ফরাশগঞ্জের কোচ নাসির বললেন, তার খেলোয়াড়দের অভিজ্ঞতা কম। বিদেশি ফুটবলার নেই বলে ভুগতে হয়েছে তাদের। শেখ রাসেলের কোচ মারুফুল হক বললেন, ‘বেশি ব্যধানে ম্যাচ জেতার চাপ ছিল খেলোয়াড়দের। তাছাড়া অতিরিক্ত গরমের কারণে খেলা ভালো হয়নি।’
একই কথা জাহিদ, এমিলি, মামুুনুল ইসলামদের। বললেন, এত গরমে খেলা যায় না। বাফুফের কাছে প্রশ্ন করলেন জাহিদ, ম্যাচটা বিকালে দিলে কী হয়?
আজকের খেলা:মুক্তিযোদ্ধা-আরামবাগ, কমলাপুর স্টেডিয়াম, ৩টা ১০।
