মাত্র ১ উইকেট হারিয়ে ২৫০ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত স্টিফেন ফিনের ছয় উইকেটে রানের পাহাড় অন্তত গড়তে পারেনি তারা। চলমান ডানেডিন টেস্টের দ্বিতীয় দিনে শুক্রবার নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪৪৩ রানে। তবে ইংলিশ বোলারদের দেরিতে আসা এই সাফল্যও ম্লান হয়ে গেছে ব্যাটিংয়ে নামার পর মাত্র ৫০ রানে ২ উইকেট হারিয়ে ফেলায়।
ডানেডিন টেস্টে অসাধারণ অবস্থায় থেকে প্রথমদিন শেষ করেছিল নিউজিল্যান্ড। একটু ধীরগতিতে ব্যাট করে হলেও একটি মাত্র উইকেট খুইয়ে ২৫০ রান তুলে ফেলেছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই ধাক্কা খায় তারা। আগের দিনের ৮৩ রানের সঙ্গে মাত্র আট রান যোগ করে নড়বড়ে নব্বইয়ের শিকার হন কেন উইলিয়ামসন। দ্রুতই ফিরে যান রস টেলরও। এরপর সেঞ্চুরিয়ান পিটার ফুলটনকে ব্যক্তিগত ১৩৬ রানে ফিন ফিরিয়ে দিলে বেশ বিপদে পড়ে যায় ব্ল্যাকক্যাপসরা। তবে ব্রাউনলি, ম্যাককালাম এবং শেষ দিকে টিম সাউদির মাঝারি কয়েকটি ইনিংসে শেষ পর্যন্ত বড় স্কোরই গড়ে তারা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১২৫ রানে ফিন তুলে নেন ছয়টি উইকেট।
তবে বোলারদের সাফল্য ম্লান হয়ে যায় ইংলিশ ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায়। দারুণ ফর্মে থাকা দুই ব্যাটসম্যান অ্যালিস্টার কুক এবং জোনাথন ট্রটকে তুলে নিয়ে ইংলিশদের চাপে ফেলে দেন পেসার ট্রেন্ট বোল্ট। কম্পটন এবং ইয়ান বেল ১২ এবং ৬ রানে দিন শেষে উইকেটে ছিলেন। সিরিজের প্রথম দুটি টেস্ট ড্র হওয়ায় এই টেস্টের মাধ্যমেই নির্ধারিত হবে সিরিজের ফল।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড প্রথম ইনিংস:৪৪৩ অলআউট (ফুলটন ১৩৬, উইলিয়ামসন ৯১। ফিন ৬/১২৫)।
ইংল্যান্ড প্রথম ইনিংস:৫০/২ (ট্রট ২৭, কম্পটন ১২। বোল্ট ২/২৬)।
