বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ২২:০৬
রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ীতে পৃথক ঘটনায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- কামাল হোসেন (২৫) ও শাকিল (১২)। শনিবার সকালে এসব ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সকাল ৭টার দিকে ডেমরার সানারপাড় এলাকার বাসায় নূরজাহান বেগম নামে এক গৃহবধূ বৈদ্যুতিক সুইচে চাপ দেয়ার সময় বিদ্যুত্স্পৃষ্ট হন। তার চিত্কার শুনে ছেলে কামাল হোসেন এগিয়ে যান; কিন্তু মাকে বাঁচাতে গিয়ে কামাল নিজেই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। তবে নূরজাহান সুস্থ আছেন। এদিকে উত্তর যাত্রাবাড়ীর ধলপুর এলাকার বাসায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছে শিশু শাকিল। তার বড় ভাই নজরুল ইসলাম সকাল ৬টায় শাকিলের নিথর দেহ ঢামেক হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিত্সক পরীক্ষা করে জানান, আগেই শিশুটির মৃত্যু হয়েছে।