ঝিনাইদহের মহেশপুরে আজ রবিবার বিএনপি-জামায়াতের ডাকা অর্ধদিবস হরতাল প্রত্যাহর করা হয়েছে। মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টার ইত্তেফাককে বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে আওয়ামী লীগ। প্রয়াত রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানাতে সন্ধ্যায় ১৮ দলের এক বৈঠকে এ হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার আসামি ধরতে গেলে মহেশপুরের দাড়িয়াপুর গ্রামে পুলিশ, র্যাব ও বিজিবির সাথে গ্রামবাসীর সংঘর্ষে পুলিশের গুলিতে বিএনপি কর্মী ইন্তাজুল ইসলাম ওরফে ইন্তাজ নিহত, ৪ জন গুলিবিদ্ধ ও ৮ পুলিশসহ ১৫ জন আহত হয়। বিএনপি-জামায়াত এ ঘটনার প্রতিবাদ জানাতে রবিবার মহেশপুরে আধাবেলা হরতাল ডাকে।
