নয়াপল্টনে পুলিশের ওপর হামলার ঘটনায় চার্জশিট দাখিল আজ

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ২২:৩০
নয়াপল্টনে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় আজ রবিবার চার্জশিট দাখিল করবে পুলিশ। চার্জশিটে সিনিয়র নেতাদের অনেককে বাদ দেয়া হতে পারে। গ্রেফতারকৃত সবাইকে এই মামলায় অভিযুক্ত করা হচ্ছে না। মামলায় সর্বোচ্চ বিএনপির অর্ধশত নেতা-কর্মী আসামি হতে পারে। তবে চার্জশিটে বিএনপির এজাহারভুক্ত আসামিদের বাইরেও অনেকে জড়িয়ে যেতে পারেন। পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার বলেন, তদন্ত শেষ হয়েছে। আজই চার্জশিট দাখিল করা হবে। গত ১১ মার্চ নয়াপল্টনে ১৮ দলের সমাবেশের শেষ দিকে হঠাত্ ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনার পর সন্ধ্যা থেকে বিএনপি কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। অফিসের ভেতরে ঢুকে ও এর আশপাশের এলাকা থেকে বিএনপির ১৫৭ নেতা-কর্মীকে আটক করা হয়। পরদিন বিএনপির তিন শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দেয়া হয়। নয়াপল্টনের ঘটনায় ১২ মার্চ পল্টন থানা পুলিশ বিএনপির ১৫৪ নেতা-কর্মীকে আসামি করে দু’টি মামলা দায়ের করে। এর মধ্যে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় ৭ কর্মদিবসের মধ্যে চার্জশিট দাখিল করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। আজ চার্জশিট দেয়ার শেষ দিন। এদিকে পল্টন থানায় দায়ের করা দুই মামলায় ১৮ দলীয় জোটের ১৫১ নেতা-কর্মীকে আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ জিজ্ঞাসাবাদের জন্য গঠন করা হয়েছে ভিন্ন কয়েকটি সেল। পুলিশ একসঙ্গে দু’জনের বেশি নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে না বলে জানা গেছে। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মাহমুদুল হাসান বলেন, রিমান্ডে বিএনপির নেতা-কর্মীদের কাছে অনেক তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই চলছে। একসঙ্গে দু’জনের বেশি নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হচ্ছে না।