ইতিহাস গড়লো ভারত

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২১:০৭
ভারতের টেস্টের ইতিহাস ৮১ বছরের। আর এই দীর্ঘ সময়ে অনেক সিরিজেই প্রতিপক্ষকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি তারা। তবে, গতকাল ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে তাদের সিরিজ জয় ছাপিয়ে গেল অন্য সব কিছুকে। নিজেদের মাটিতে ৪-০ ব্যবধানে টেস্টে অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করে নতুন রেকর্ড গড়লো বিশ্বচ্যাম্পিয়নরা। তৃতীয় দিনে রান হল মোট ১৭০। উইকেট পড়লো ১২টি। দিল্লি টেস্টে ভারত ছয় উইকেটের জয় পেল। তৃতীয় দিনে আট উইকেটে ২৬৬ রান নিয়ে ব্যাট করতে নেমে আর মাত্র ছয় রান যোগ করেই অল আউট হয়ে যায় ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই পতন নেমে আসে অস্ট্রেলিয়ার। ভারতীয় স্পিনারদের দাপটে মাত্র ১৬৪ রানে অল আউট হয়ে যায় অজিরা। ইশান্ত শর্মার একটি উইকেট ছাড়া বাকি নয়টি উইকেটই দখল করেন স্পিনাররা। রবীন্দ্র জাদেজা নিয়েছেন পাঁচটি উইকেট। রবীচন্দ্র অশ্বিন ও প্রজ্ঞান ওঝা দুটি করে উইকেট নেন। ১৫৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে খুব বেশি বেগ পেতে হয়নি স্বাগকিতদের। মাত্র চার উইকেট নিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। ওপেনার চেতশ্বর পূজারা সর্বোচ্চ ৮২ রান করে অপরাজিত থাকেন। ৪১ রান করেন বিরাট কোহলি। ভারতের আনন্দের দিনে একমাত্র ব্যর্থতা বলতে শচিন টেন্ডুলকারের ১ রানে আউট হওয়া। অজিদের হয়ে দুটি করে উইকেট পান নাথান লিও ও গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাচসেরার পুরস্কার পান রবীন্দ্র জাদেজা। সিরিজ সেরা হয়েছেন রবীচন্দ্র অশ্বিন। সংক্ষিপ্ত স্কোর: ভারত: প্রথম ইনিংস- ২৭২ দ্বিতীয় ইনিংস- ১৫৮/৪ (৩১.২ ওভার; চেতশ্বর পূজারা ৮২, বিরাট কোহলি ৪১; নাথান লিও ২/৭১, গ্লেন ম্যাক্সওয়েল ২/৫৪ ) অস্ট্রেলিয়া: প্রথম ইনিংস- ২৬২, দ্বিতীয় ইনিংস- ১৬৪ (৪৬.৩ ওভার; এড কাওয়ান ২৪, পিটার সিডল ৫০; রবীন্দ্র জাদেজা ৫/৫৮, রবীচন্দ্র অশ্বিন ২/৫৫, পজ্ঞান ওঝা ২/১৯) ফলাফল: ভারত ছয় উইকেটে জয়ী সিরিজ: ৪-০ ব্যবধানে সিরিজ ভারতের; ম্যাচ সেরা: রবীন্দ্র জাদেজা; সিরিজ সেরা: রবীচন্দ্র অশ্বিন।