আশাবাদী মহিলা ক্রিকেট দল

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২১:০৯
ভারত অনেক কঠিন দল হলেও তাদের বিরুদ্ধে জেতাটা অসম্ভব নয়। এমনকি একটি জয়ের আশাও করছেন বাংলাদেশ মহিলা দলের শ্রীলংকান কোচ ওসে প্রিয়ারাজ ভিরাসিংহে। বাংলাদেশ মহিলা ক্রিকেট দল আসন্ন ভারত সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে। ৩১ মার্চ এই সফর শুরু হবে। ২ এপ্রিল বরোদায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে মহিলা দল। ১২ এপ্রিল তৃতীয় ওয়ানডে দিয়ে শেষ হবে ভারত সফর। কোচ প্রিয়ারাজ সফরের প্রাক্কালে কাল নিজের মতামত তুলে ধরেন। তিনি মনে করছেন, দুই সপ্তাহের বেশি অনুশীলন না করেও মেয়েরা নিজেদের প্রস্তুত করে ফেলেছে। তাই তিনি এই সফরে অন্তত একটি জয়ের ব্যাপারে আশাবাদী। ৩১ মার্চ ভারতের বরোদার উদ্দেশে ঢাকা ছাড়ার আগে মূল দল নিয়ে তিনি কাজ করার সুযোগ পাবেন মাত্র এক সপ্তাহ। তারপরও দলের প্রস্তুতির কোন ঘাটতি থাকবে না বলে দাবি করেন শ্রীলংকান এই কোচ। জাতীয় মহিলা দলের এই কোচ বলেন, ‘আমরা ক্যাম্প করার মত পর্যাপ্ত প্রস্তুতি পাইনি এটা ঠিক, তবে যতটুকু পেয়েছি তাই যথেষ্ট। মেয়েদের ভেতরেও ভারত সফর নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। তাছাড়া যে দলটা আমার হাতে দেয়া হয়েছে, আমি সন্তুষ্ট।’ গতকাল নির্বাচক কমিটির সাথে কোচ ও টিম ম্যানেজমেন্ট বৈঠক করলেও বিসিবি সভাপতির অনুমোদনের অপেক্ষায় দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভিরাসিংহে প্রধান কোচ হলেও টেকনিক্যাল উপদেষ্টা হিসাবে আছেন মমতা মাবেন। টেকনিক্যাল উপদেষ্টা হলেও তিনি মূলত ব্যাটসম্যানদের নিয়ে কাজ করেন। কিন্তু ভিরাসিংয়ের দায়িত্ব পালনের কারণে দলে মমতা মাবেনের কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে, মাসিক আড়াই হাজার ডলার বেতন পেলেও আসলে তার কোন সুনির্দিষ্ট কাজ নেই। যদিও ভিরাসিং প্রসঙ্গ এড়িয়ে বলেন, ‘দলে তিনি ব্যাটসম্যানদের নিয়ে আলাদা কাজ করেন। আমি তার কাছ থেকেও অনেক সাহায্য পাই। তাছাড়া দলের খেলোয়াড় ও মমতার মধ্যে ভালো বোঝাপড়া রয়েছে।’ আরো বেশি ম্যাচ খেলার দাবি তুলেছেন মহিলা দলের এই কোচ। তিনি বলেন, মেয়েদের জন্য আরো ম্যাচের ব্যবস্থা করে দেয়া উচিত। ভারত অবশ্যই শক্তিশালী দল, এদের মত শক্তিশালী দলের বিরুদ্ধে খেললে দলের পারফর্মেন্সও ভালো হবে।’