চাষিদের বকেয়া ছয় কোটি টাকা

ফরিদপুর চিনিকলের আখ মাড়াই মৌসুম বন্ধ

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২১:১৪
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল বৃহত্তর ফরিদপুর জেলার একমাত্র ভারি কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি আখ সংকটের কারণে নির্ধারিত সময়সীমার ৯দিন আগেই বন্ধ হয়ে গেলো গত ২০ মার্চ রাতে। চিনিকল একটানা ১১০ দিবসে মাড়াই করার কথা। কিন্তু মোট ১০১ দিন আখ মাড়াই শেষে চিনিকলটির ৩৭তম আখ মাড়াই দিবসের সমাপ্তি ঘোষণা করা হয়। এ বছর চাষিদের পাওনা রয়েছে ৬ কোটি টাকা এবং শ্রমিকদের ২মাসের বেতন বকেয়া রয়েছে। চলতি বছর ১লাখ ২ হাজার ২৯৪ মেট্রিক টন আখ মাড়াই করে চিনি উত্পাদন করে ৬ হাজার ৫৬৩ মেট্রিক টন। চিনি রিকভারি হার ৬.২৯%। গত মৌসুমের অবিক্রীত ২ হাজার ৪২১.৮৫ মেট্রিক টন চিনি এবং চলতি বছরে উত্পাদিত ৬ হাজার ৫৬৩ মেট্রিক টনসহ মোট ৮হাজার ৯৮৪.৮৫ মেট্রিক চিনি অবিক্রীত রয়েছে। যার বর্তমান বাজার মূল্য ৪৫ কোটি টাকা। ফরিদপুর চিনিকলে ২০১২ সাল পর্যন্ত লোকসান ছিলো ৯১ কোটি টাকা। চলতি বছরের লোকসানসহ মিলটিতে লোকসানের পরিমাণ শত কোটিতে দাঁড়াবে। ফরিদপুর চিনিকল সূত্রে জানা গেছে মোট ১১০ দিনে ১ লাখ ৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৭ হাজার ৫শ’ মেট্রিক টন চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে গত ৩০ নভেম্বর ‘১২ তারিখে মিলটির আখ মাড়াই মৌসুম শুরু করে। উদ্বোধনের ১ মিনিটের মাথায় মিলটির যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৭দিন আখ মাড়াই বন্ধ থাকে। এ ছাড়া মিলটিতে এ বছর ১০২ ঘণ্টা ব্রেকডাউন ছিলো। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ৯ দিন আগেই আখ মাড়াইয়ের সকল প্রকার সম্ভাব্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র আখের অভাবে ১১০ দিনের মাড়াই দিবসের স্থলে ১০১ দিনে ১ লাখ ৫ হাজারের স্থলে ১লাখ ২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে মিলটি বন্ধ হয়ে যায়। চিনি উত্পাদনের পরিমাণ ৭ হাজার ৫শ’ ধরা হলেও উত্পাদন হয়েছে মাত্র ৬ হাজার ৫৬৩ মেট্রিক টন। চিনি রিকভারি লক্ষ্যমাত্রা ছিল ৭.৫%। এ বছর চিনি রিকভারি হয়েছে ৬.২৯%। ফরিদপুর চিনিকল মিলগেট আখ চাষি কল্যাণ সংস্থার সভাপতি মো. আকরাম হোসেন মিয়া জানান, এ বছর আখ চাষীদের মিলে সরবরাহকৃত আখের মূল্য বাবদ মিল প্রশাসনের কাছে পাওনা রয়েছে ৫ কোটি ৭৯ লাখ টাকা। চাষীরা আখের নগদ মূল্য না পাওয়াসহ বিভিন্ন কারণে আখ চাষে তারা দিন দিন আগ্রহ হারাচ্ছে। মিল সূত্রে জানা গেছে, ১৯৭৬ সালে মিলটির পরীক্ষামূলক উত্পাদন শুরু করে। মিলটির মাড়াই ক্ষমতা বছরে ১০হাজার ৬১মেট্রিক টন। কিন্তু শুধুমাত্র আখের অভাবে মিলটি নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ হয়ে যায়।