গতকাল রবিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদগ্রাম বামনপাড়া এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ইসরাইল নামের একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ইসরাইল উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া গ্রামের মৃত ছহির উদ্দিনের পুত্র। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। উত্তেজিত এলাকাবাসী ট্রাকটি ভাংচুর করেছে। ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে।
হবিগঞ্জে ১৭ পুলিশ আহত
এদিকে হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জে ট্রাক ও পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের অধিকাংশই নারী পুলিশ। রবিবার ভোরে শহরতলীর ধূলিয়াখাল পুলিশ লাইন থেকে জামায়াতের ডাকা হরতালের দায়িত্ব পালন করতে শহরে আসার পথে বিসিক শিল্প নগরীর কাছে বাঁশ বোঝাই একটি ট্রাকের সাথে পুলিশ বহনকারী ভ্যানের সংঘর্ষ হলে চালকসহ পুলিশ সদস্যরা আহত হন। গুরুত্বর আহত ১১ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন এস আই শাহজাহান, কনস্টেবল শিমু, রুবিনা, নাজমা, কুলসুমা, পিয়ারা, ইয়াসমিন, দীপক, জামিনা, রুকি আক্তার ও লাভলী। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পলাতক। এ ব্যাপারে মামলা হয়েছে।
