ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র নয় দিন বাকি। কিন্তু তামিলনাড়ুতে সিংহলীজ বিরোধী সেন্টিমেন্ট দিনকে দিন বাড়তে থাকায় চেন্নাইয়ে শ্রীলংকান খেলোয়াড়দের অংশগ্রহণের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নিতে পারেনি আয়োজক কমিটির গভর্নিং কাউন্সিল।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অবস্থা পর্যবেক্ষণ করছে এবং প্রাদেশিক সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। তবে খুব শিগগিরই চূড়ান্ত একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে ধারণা করা হচ্ছে। তামিলদের বিরুদ্ধে শ্রীলংকা সরকারের যুদ্ধাপরাধের বিষয়ে জাতিসংঘ যে প্রস্তাব এনেছে তার বিরুদ্ধে চেন্নাইসহ তামিলনাড়ুর বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। শ্রীলংকান খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ভেন্যু হিসেবে চেন্নাইকে বাদ দেয়ার জন্য কয়েকটি ফ্র্যাঞ্চাইজি গভর্নিং কাউন্সিলকে অনুরোধ করেছে বলে খবর প্রকাশিত হয়েছে।
আইপিএল-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এমন ধরনের রিপোর্টকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন এবং ভেন্যু হিসেবে চেন্নাইকে বাদ দেয়ার কোন প্রস্তাব তারা পাননি বলে জানান। ওই কর্মকর্তা বলেন, ‘তামিলনাড়ুর অবস্থা সম্পর্কে আমরা অবগত আছি এবং খুব শিগগিরই আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। তবে এই মুহূর্ত পর্যন্ত চেন্নাইয়ের বাইরে কোথাও ম্যাচ স্থানান্তর করার চিন্তা আমরা করছি না।’
আগামী ৩ এপ্রিল শুরু হওয়া ষষ্ঠ আইপিএল-এ শ্রীলংকার ১৩ জন খেলোয়াড় অংশ নেবে। যার মধ্যে দু’জন দু’টি দলের নেতৃত্ব দেবেন। কর্ণাটকের আসন্ন নির্বাচনের কারণেও আইপিএল সূচিতে পরিবর্তন হতে পারে। কেননা, বেশ কয়েকটি ম্যাচ ব্যাঙ্গালোরেতে হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে ব্যাঙ্গালোরের ম্যাচগুলোতে বিঘ্ন ঘটতে পারে। রাজনৈতিক সমস্যার কারণে ভেন্যু পরিবর্তনের নজীরও রয়েছে। ২০১০ সালে অন্ধ্র প্রদেশে তেলেংগা সমস্যার কারণে গভর্নিং কাউন্সিল সেখানকার ম্যাচগুলো হায়দ্রাবাদে স্থানান্তরিত করতে বাধ্য হয়।
বর্তমান অবস্থা অব্যাহত থাকলে চেন্নাইয়ের ম্যাচগুলোতে লংকান খেলোয়াড়দের না খেলানোর জন্য আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোকে পরামর্শ দিয়েছে বলে জানা গেছে। কিন্তু এমন পরামর্শে খুশি নয় দলগুলো। কেননা, লংকান খেলোয়াড়দের বাদ দিতে গেলে দলে ভারসাম্য নষ্ট হবে। এমনটা হলে লাসিথ মালিঙ্গা, মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সাঙ্গাকারার মতো খেলোয়াড়দেরকে মুম্বাই ইন্ডিয়ানস, দিল্ল¬ী ডেয়ার ডেভিলস এবং হায়দ্রাবাদ সানরাইজার্সকে বাদ দিতে হবে।
আইপিএল-এ শ্রীলংকান খেলোয়াড় :
চেন্নাই সুপার কিংস : আকিলা দনঞ্জয়া এবং নুয়ান কুলাসেকারা।
দিল্ল¬ী ডেয়ার ডেভিলস : মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক) এবং জীবন মেন্ডিজ।
নাইট রাইডার্স : সচিত্রা সেনানায়েক।
মুম্বাই ইন্ডিয়ান্স : লাসিথ মালিঙ্গা।
পুনেওয়ারিরর্স : অজন্তা মেন্ডিজ ও অ্যাঞ্জেলা ম্যাথুস।
রাজস্থান রয়্যালস: কুশল জেনিথ পেরেরা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু : মুত্তিয়া মুরলিধরন এবং তিলকরত্নে দিলশান।
সানরাইজার্স হায়দ্রাবাদ : কুমার সাঙ্গাকারা এবং থিসারা পেরেরা।
