স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
শিরোপা প্রত্যাশী এফএমসি স্পোর্টস চট্টগ্রাম ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে গতকাল সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় ৬ উইকেটে চ্যাম্পিয়ন ইস্পাহানি স্পোর্টিং ক্লাবকে হারিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।
এফএমসি স্পোর্টস টানা তিন জয়ে ৯ পয়েন্ট পেয়েছে। টস জয়ী এফএমসি বোলারদের দাপটে ইস্পাহানি ক্লাবের ইনিংস গুটিয়ে যায় ১৩০ রানে। জবাবে এফএমসি স্পোর্টস জয়ের নোঙরে পৌঁছে ১৩১ রান করে। বর্তমান চ্যাম্পিয়ন ইস্পাহানি ক্লাবের ব্যাটিং ব্যর্থতা সম্পর্কে দলটির কোচ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নুরুল আবেদীন নোবেল ইত্তেফাককে বলেন, ‘সকালে মহিলা ক্রীড়া মাঠের উইকেট ভালো থাকে না। স্যাঁতস্যাঁতে উইকেটের কারণে প্রথমে ব্যাটিং নিলে যে কোন দলকে খেসারত দিতে হবে।’
