পদ্মা সেতুর ১২তম স্প্যান বসছে আজ

আপডেট : ০৬ মে ২০১৯, ১১:২২

পদ্মা সেতুর ১২তম স্প্যান খুঁটির ওপর বসানোর জন্য সোমবার মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে খুঁটির কাছে নেয়া হয়েছে। সকাল ৯টা ২০ মিনিটে রওনা হয়ে স্প্যানটি মাত্র ৪০ মিনিটেই পৌছে যায় গন্তব্যে। স্প্যানটি এখন ২০ ও ২১ নম্বর খুঁটির সামনে পজিশনিং করা হচ্ছে।

 

দুপুর নাগাদ এটি এই ‘৫-এফ’নম্বর স্প্যানটি অস্থায়ীভাবে মাওয়া ও জাজিরা প্রান্তের মাঝামাঝি ২০ ও ২১ নম্বর খুঁটিতে বসানো হবে।  স্প্যানটি বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর দৃশ্যমান হবে ১৮০০ মিটার।

 

 

স্প্যানটি ২৮-২৯ নম্বর খুঁটির জন্য তৈরি। কিন্তু খুঁটি দুটি এখনো সম্পন্ন না হওয়ায় এবং স্প্যান রাখার জায়গা সংকুলাণ না হওয়ার কারণে এটি অস্থায়ীভাবে ২০-২১ নম্বর খুঁটির ওপর বসানো হচ্ছে। ২৮-২৯ নম্বর খুঁটি সম্পন্ন হওয়ার পর এটি সরিয়ে নেওয়া হবে।

 

বাংলাদেশ সেতু বিভাগের দায়িত্বশীল প্রকৌশলী হুমায়ুন কবির জানান, ‘৫-এফ’ নম্বর স্প্যানটি গত শুক্রবার বসানোর পরিকল্পনা থাকলেও ঘূর্ণিঝড় ফণীর কারণে তা বাতিল করা হয়।  সোমবার তাই কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ধূসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘ্যের ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে বহন করে নিয়ে যায় ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’নামের ভাসমান ক্রেনবাহী জাহাজ। এখন অ্যাংকরিং করা হচ্ছে।

 

পদ্মা সেতুর প্রকৌশল সূত্রে জানা যায়, পদ্মা সেতুতে ২৯৪টি পাইলের মধ্যে ২৬২টি পাইল ড্রাইভ সম্পন্ন হয়েছে। বাকি ৩২টি পাইল ড্রাইভের কাজ চলছে। ৪২টি খুঁটির মধ্যে কাজ শেষ হয়েছে ২৫টি খুঁটি। বাকি ১৭টি খুঁটির কাজও চলছে।

আরো পড়ুন : এসএসসি ও সমমানে পাশের হার ৮২.২০

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুটিতে মোট ৪১টি স্প্যান বসবে। এরই মধ্যে ১১টি স্প্যান বসে গেছে।  এছাড়া ১৩তম স্প্যানটি আগামী ১০ মে বসানোর কথা জানিয়েছে প্রকৌশলীরা। শরীয়তপুরের জাজিরায় এখন দশটি খুঁটিতে (৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২) ৯টি স্প্যান দৃশ্যমান আছে। এছাড়া মাওয়া প্রান্তে (১৩, ১৪ ও ৪, ৫) নম্বর পিলারে একটি স্থায়ী স্প্যান ও একটি অস্থায়ী স্প্যান বসানো হয়েছে।

 

জাজিরায় স্প্যানগুলোতে রেলওয়ে স্লাব ও রোডওয়ে স্লাব বসানোর কাজ চলছে। সম্পূর্ণ সেতুতে ২ হাজার ৯৩১টি রোডওয়ে স্লাব বসানো হবে। আর রেলওয়ে স্লাব বসানো হবে ২ হাজার ৯৫৯টি। মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে ২২টি স্প্যানের মধ্যে ১১টি স্প্যান বসানো হয়েছে।

 

২০১৪ সালের ডিসেম্বরে মূল পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেতু নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার কোটি টাকা। দু’পাড়ে সংযোগসড়কসহ সেতুটি প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ। এ বহুমুখী এই সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।

 

ইত্তেফাক/ইউবি