মিরপুরে ককটেল বিস্ফোরণে দুই শিশু নিহত

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২২:৩৯
রাজধানীর মিরপুরে গতকাল রবিবার ককটেল বিস্ফোরণে দু’টি শিশু মারা গেছে। নিহত শিশুদের নাম কুলসুম আক্তার (৯) ও রিয়া (৫)। দু’জনকেই আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিত্সকরা প্রথমে কুলসুমকে মৃত ঘোষণা করেন। পরে চিকিত্সাধী অবস্থায় রিয়া মারা যায়। কুলসুম ও রিয়া সম্পর্কে খালা-ভাগনি। ককটেলটি পরিত্যক্ত ছিল নাকি কেউ ছুঁড়ে মেরেছে এ বিষয়ে কেউ স্পষ্ট করে কিছু জানাতে পারেনি। এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মিরপুরের ১৩ নম্বর সেকশনের বি ব্লকের এক নম্বর এভিনিউয়ের নির্মাণাধীন একটি বাসায় কেয়ারটেকারের কাজ করে কুলসুমের বাবা আব্দুর রশিদ। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে ওই ভবনের নিচে সিঁড়ির কাছে কুলসুম ও রিয়া খেলা করছিল। এ সময় হঠাত্ একটি ককটেল বিস্ফোরিত হয়। হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. হরিদাস সাহা জানিয়েছেন, শিশু দু’টির শরীরে অসংখ্য স্প্লিণ্টার বিদ্ধ হয়েছে। আহত রিয়ার অবস্থাও গুরুতর। কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, কেউ সেখানে ককটেলটি ফেলে রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।