সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা সংবলিত বিধান পুন:স্থাপন, নাস্তিক-মুরতাদদের ফাঁসির আইন প্রণয়ন ও পাঠ্যপুস্তকে ইসলাম ধর্ম সম্পর্কে মনগড়া ব্যাখ্যা অপসারণসহ বিভিন্ন দাবিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আজ সোমবার দেশের বিভিন্ন উপজেলায় সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে ১ এপ্রিল নগরীর লালদীঘি ময়দানে ঐতিহাসিক শানে রেসালত সম্মেলন ও ৬ এপ্রিল সারা দেশ থেকে ঢাকা অভিমুখে লংমার্চ সফল করার জন্য চট্টগ্রামের সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও ইমাম-খতিবদের এক মতবিনিময় ও প্রস্তুতি সভা নগরীর মিয়াখাঁন নগরস্থ জামিয়া মোজাহের উলুমে হেফাজতে ইসলাম বাংলাদেশ এ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর আমীর ফিরোজ শাহ আল জামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা তাজুল ইসলাম।
সিলেট অফিস জানায়, নাস্তিক-মুরতাদদের প্রতিহত করতে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে পরিচালিত আন্দোলনের প্রতি উলামা-মাশায়েখরা একাত্মতা ঘোষণা করেছেন। তারা বলেন, যে কোন মূল্যে ৬ এপ্রিলের ঢাকা অভিমুখে লংমার্চ সফল করতে সিলেটবাসী প্রস্তুত। সিলেটের পুণ্যভূমিতে শাহবাগীদের প্রতিহত করার ঘোষণা দিয়ে তারা বলেন, যেদিন ব্লগাররা সিলেটের দিকে পা বাড়াবে-সেদিন থেকেই হরতাল পালন করা হবে। গতকাল সিলেটে ওলামা-মাশায়েখ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
