ইনজুরির পরপরই হাম্বানটোটাতেই এক্সরে করিয়ে বুঝতে পেরেছিলেন, ডান হাতের বুড়ো আঙ্গুল ভেঙে গেছে। সংবাদ সম্মেলনে আভাস দিয়েছিলেন, মাস দেড়েক অন্তত মাঠে নামা হবে না। কাল তামিম ইকবাল নিশ্চিত হলেন, জিম্বাবুয়ে সিরিজের অন্তত টেস্ট অংশটাতে খেলা হচ্ছে না তার! মিস হয়ে যেতে পারে পুরো সফরও।
গতকালই দেশে ফেরার পর আবার এক্সরে এবং সিটি স্ক্যান করানো হয়েছে তামিমের। সেই পরীক্ষার রিপোর্ট দেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিত্সক (বিসিবি) দেবাশিষ চৌধুরী নিশ্চিত করেছেন, জিম্বাবুয়ে সফরে টেস্ট সিরিজে থাকছেন না তামিম, ‘আমরা আজ (কাল) এক্সরে ও সিটি স্ক্যান করে নিশ্চিত হয়েছি তামিমের বুড়ো আঙ্গুল ভেঙ্গে গেছে। তার এই ইনজুরি সারতে কমপক্ষে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। তার সুস্থ হওয়ার উপর নির্ভর করবে সে কবে নাগাদ পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে’।
বাংলাদেশে চলমান ইনজুরির ভয়াবহ মিছিলে একের পর এক তারকা ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। তামিম নিজেও ইনজুরি থেকে সেরে উঠেই শ্রীলঙ্কায় ফিরেছিলেন ক্রিকেটে। বাকিরা যখন জিম্বাবুয়ে সিরিজে ফেরার মতো করে সুস্থতার পথে; তখন আবার ইনজুরিতে পড়লেন তামিম।
ইনজুরির কারণে শ্রীলংকা সফরের প্রথম টেস্ট খেলা হয়নি তামিমের। দ্বিতীয় টেস্টে ফিরে একটি হাফ সেঞ্চুরিও পেয়েছিলেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে সেঞ্চুরির খরা কাটিয়েছেন সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে। বিপত্তি ঘটে প্রথম ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময়। বুড়ো আঙ্গুলে বল লাগলে সাথে সাথে মাঠ থেকে বেরিয়ে যান তামিম।
পরে কলম্বোতে এক্সরে করার পর আঙ্গুল ভেঙ্গে যাওয়ার ঘটনা ধরা পড়ে। ছয় সপ্তাহ সময় লাগলে জিম্বাবুয়ের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে তামিমকে মাঠের বাইরে থাকতে হবে। ৩ মে থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে তিনি খেলতে পারবেন যদি পুনর্বাসন প্রক্রিয়া সময়মত শুরু করতে পারেন। বিসিবির চিকিত্সক এ প্রসংগে বলেন, ‘ছয় সপ্তাহ সময় লাগবে তাকে সুস্থ হতে। এরপর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। আমার মনে হয়, তিনি ওয়ানডে সিরিজে ফিরতে পারবেন’।
তামিমের আগের ইনজুরিও ছিল ডান হাতের আঙ্গুলে। বিপিএল খেলেছেন আঙ্গুলের ব্যথা নিয়েই। বিপিএল চলাকালীন ইনজুরির চিকিত্সা নিলে হয়তো শ্রীলংকা সফরের শুরু থেকে তিনি দলের সঙ্গী হতে পারতেন বলে ক্রিকেট বিশ্লেষকদের ধারণা। পুরানো ইনজুরি সারতেও তামিমের প্রায় চার সপ্তাহ সময় লেগেছিল।
ইনজুরিগ্রস্ত বাংলাদেশ দল শ্রীলংকা সফরে গিয়ে শুরু থেকে খেলোয়াড় সংকটে পড়েছে। তামিম, সাকিব আল হাসান, নাজমুল হোসেন, শাহরিয়ার নাফীস, নাঈম ইসলাম, শফিউল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, এনামুল হক জুনিয়রদের ইনজুরি গোটা দলের উপর প্রভাব ফেলেছে এই সিরিজে। এবার জিম্বাবুয়ে সফরে যোগ হল তামিমের নাম। প্রতিদিনই ইনজুরির খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে বিধায় বিসিবির চিকিত্সকদের মনেও ভয় ঢুকে গেছে।
প্রতিদিনই তারা শঙ্কায় থাকেন আজ নতুন কেউ ইনজুরিতে পড়ছে কিনা। যেমন রবিবার অনুশীলনে আবার হাতের আঙ্গুলে বল লাগায় শঙ্কা তৈরি হয়েছিল মাশরাফি বিন মুর্তজাকে নিয়েও। অবশ্য দেবাশিষ বললেন, ‘মাশরাফি আগের দিন (পরশু) ব্যাট করার সময় যে ব্যথা পেয়েছিলেন; সেটি সেরে গেছে। সে আজ ব্যাটিং করেছে। তাকে নিয়ে শঙ্কা নেই। সাকিবও দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আর শ্রীলংকা থেকে ফেরা নাজমুল আজ (কাল) আমার সাথে দেখা করেনি। তার ইনজুরি কি অবস্থায় রয়েছে সেটা এখন পর্যন্ত জানি না’।
গত রবিবার নেটে ব্যাট করার সময় আঙ্গুলে ব্যথা পেলেও সেটি সারতে মাশরাফির লেগেছে মাত্র একদিন। এটাই এখন বাংলাদেশের সুসংবাদ। শুধু দুঃসংবাদ হয়ে এসেছে জিম্বাবুয়ে সফরে টেস্ট সিরিজ থেকে তামিমের ছিটকে পড়ার খবরটি। উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে ১৭ এপ্রিল। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৫ এপ্রিল।
