স্বাধীনতা কাপ ফুটবল

মোহামেডান ও শেখ জামালের সেমির লড়াই

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২১:০৬
কিছু হিসাব-নিকাশ থেকে যাওয়ায় ম্যাচটাকে ‘ডু অর ডাই’ বলা যাচ্ছে না। তবে এটা ঠিক যে, আজকের মোহামেডান ও শেখ জামাল ম্যাচে যে জিতবে; সে দল সরাসরি সেমিফাইনাল খেলবে। এটিএন বাংলা স্বাধীনতা কাপ ফুটবলের ‘এ’ গ্রুপে আজ এই গুরুত্বপূর্ণ ম্যাচে বিকাল তিনটায় মোহামেডান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুখোমুখি হবে। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগ পর্যন্ত দুই দলেরই পয়েন্ট সমান; ছয় পয়েন্ট করে। কিন্তু গোল গড়ে এগিয়ে রয়েছে শেখ জামাল। সেমিফাইনালে উঠতে হলে মোহামেডানকে আজ জিততেই হবে। শেখ জামালের অবশ্য ড্র করলেই চলবে। তবে মোহামেডান ড্র কিংবা হেরে গেলেই বাদ হবে; সেকথাও এখন বলা যাচ্ছে না। কারণ বাইলজ অনুযায়ী ‘সেরা রানার্সআপ’ হিসাবে তিন গ্রুপ থেকে যে কোনো একটি দলের সেমিফাইনালে উঠার সুযোগ রয়েছে। হেরে গেলে ‘বি’ গ্রুপে আবাহনী ও শেখ রাসেলের ম্যাচে দিকে তাকিয়ে থাকতে হবে কোচ সাইফুল বারী টিটুর দলকে। তবে হেরে গেলে অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করতে হবে সাদাকালো দলকে। মোহামেডান এসব হিসাব না করে ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবে। জামালও জিততে চায়। লিগে এ দুই দলের লড়াইয়ে দুইবারই মোহামেডান হেরেছে ১-০ ব্যবধানে। আজকের ম্যাচটি এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করবে।