বাছাইপর্বের ম্যাচে মাঠে নামছে ফেভারিটরা

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২১:০৭
আজ না জিতলে, বিশ্বকাপে ফুটবলের মূল পর্বে খেলতে প্লে—অফ খেলতে হতে পারে। এমনই চ্যালেঞ্জ সামনে নিয়ে আজ বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের ম্যাচে প্যারিসে শক্তিশালী ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামছে বিশ্ব এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেন। পৃথক দুটি ম্যাচে মাঠে নামছে ফেভারিট ইংল্যান্ড এবং ইতালিও। একটি ম্যাচ আগেও সমীকরণ এতটা কঠিন ছিল না স্পেনের জন্য। গত শুক্রবারের ম্যাচে নিজেদের মাঠে ফিনল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে স্পেন। আর জর্জিয়ার বিরুদ্ধে ফ্রান্স জয় পায় ৩-১ গোলে। ফলে পরিষ্কার দুই পয়েন্টের ব্যবধানে তারাই এখন আই গ্রুপের শীর্ষে। ফিফার নিয়মানুযায়ী প্রতি গ্রুপের শীর্ষ দলগুলোই শুধু সরাসরি ব্রাজিল বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলবে। নয়টি গ্রুপের থেকে আটটি রানারআপ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে প্লে অফে। সেখান থেকে চূড়ান্তপর্বে যাবে আরো দুটি দল। মাদ্রিদে এই দুদলের মধ্যকার ম্যাচ দিয়েই শুরু হয়েছিল আই গ্রুপের বিশ্বকাপ যাত্রার লড়াই। গত অক্টোবরের সে ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। ম্যাচের ৯৪তম মিনিটে সফরকারীদের জন্য মহাগুরুত্বপূর্ণ সমতা সূচক গোলটি আসে অলিভার গেরুদের পা থেকে। ফলে আজকের ম্যাচে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে থাকবে ফ্রান্সই। এদিকে বি গ্রুপের শীর্ষ দল ইতালি আজ মাল্টার বিরুদ্ধে মাঠে নামছে ফেভারিট হিসেবেই। দেশের বাইরের লড়াইয়ে ইতালির এ মৌসুমের পরিসংখ্যানও কথা বলছে তাদের পক্ষেই। এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে তিনটি জয় এবং একটি ড্র পেয়েছে তারা। আর ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়া মারিও বালোতেল্লিও আছেন দারুণ ফর্মে। এই ম্যাচকে সামনে রেখে বালোতেল্লি বলেন,‘জাতীয় দলে খেলার কোন তুলনা নেই। এটা সত্যিই বিশেষ কিছু। আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই অনুভূতি সব কিছুর ঊর্ধ্বে।’