আজই ব্রাজিলের পথে জাপান?

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২১:০৭
আম্মানে স্বাগতিক জর্ডানের বিপক্ষে আজ মঙ্গলবার বিশ্বকাপ ২০১৪ বাছাইয়ে (এশিয়া অঞ্চল) এশিয়ান চ্যাম্পিয়ন জাপান জয় পেলে প্রথম দিল হিসেবে মূল পর্বে চলে যাবে। জয় না হলেও চলবে। একটি পয়েন্ট অর্জন করতে পারলেই টানা পঞ্চমবারের মত বিশ্বকাপ আসরে চলে যাবে এশিয়ার শক্তিশালী দলটি। তবে ওমান ও অস্ট্রেলিয়ার ম্যাচটি ড্র হতে হবে। ব্রাজিলে আগামী বছর বিশ্বকাপ টুর্নামেন্ট। এখনো স্বাগতিক দল বাদে কোন দল বাছাই পর্বের বাধা অতিক্রম করতে পারেনি। সেক্ষেত্রে এশিয়ার দল জাপান সবার আগে পৌঁছে যেতে পারে বিশ্বকাপের মূল পর্বে। এদিকে অস্ট্রেলিয়া ও ওমান আজ লড়বে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানটির জন্য। এশিয়ার শেষ বাছাই পর্ব এটি (চতুর্থ রাউন্ড)। দু’টি গ্রুপে দশটি দল রয়েছে। দুই গ্রুপ থেকে সেরা চার দল বিশ্বকাপে সরাসরি খেলবে। গ্রুপ ‘এ’ তে তৃতীয় স্থান অধিকার করা দলটি দক্ষিণ আমেরিকার দলের বিপক্ষে প্লে অফ খেলবে। এদিকে গ্রুপ ‘বি’ তে তৃতীয়স্থান অধিকার করা দল প্লে অফ খেলবে ওশেনিয়ার দলের বিপক্ষে। জাপান গ্রুপ ‘বি’ তে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে। অস্ট্রেলিয়া দ্বিতীয়স্থানে চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে। ইরাক (তৃতীয়) এবং ওমানেরও (চতুর্থ) সমান পাঁচ পয়েন্ট। এই দুটি দলই পাঁচটি ম্যাচ খেলেছে।