পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মির হাজার খান খোসো গতকাল সোমবার শপথ নিয়েছেন। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাকে শপথ পাঠ করান। এ সময় সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ, জাতীয় পরিষদের সাবেক স্পিকার ড. ফাহমিদা মির্জা, সাবেক মন্ত্রী, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর ডন-এর।
পাকিস্তানের সংবিধান অনুযায়ী রাজনৈতিক দলগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ঠিক করতে ব্যর্থ হলে গত রবিবার নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসাবে সাবেক বিচারপতি মির হাজার খান খোসোকে নির্বাচিত করে। প্রধান রাজনৈতিক দলগুলোর দেয়া নাম থেকেই তাকে নিয়োগ দেয়া হয়। নির্বাচিত হওয়ার পর বিচারপতি খোসো সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করাই তার প্রধান কাজ। নির্ধারিত সময়ের বেশি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকবে বলে যে গুজব আছে তা তিনি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, তার ১০-১২ সদস্যের মন্ত্রিসভায় রাজনীতিবিদরাও থাকবেন। নির্ধারিত সময়ে নির্বাচন করতে না পারলে তিনি পদত্যাগ করবেন। গত ১৬ মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদ বিলুপ্ত হয়। ১১ মে নির্বাচনের দিন ঠিক করা হয়েছে।
