সরকার সবসময় দুর্গত মানুষের পাশে থাকবে

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২২:৪২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সরকার সবসময় দুর্গত মানুষের পাশে থাকবে। আপনজনদের আমরা ফেরত দিতে পারবো না। তবে তাদের পরিবারের পাশে থেকে সেবা করে যাবো। চিকিত্সার দায়িত্ব আমাদের। সব ব্যবস্থা করে রেখেছি। আপনাদের দুঃখ-কষ্ট, ব্যথা-বেদনার সাথী হয়ে থাকবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার বিকেলে চিনাইর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, এখানে জনসভা করতে আসিনি। টর্নেডো দুর্গত এলাকা সচক্ষে দেখতে এসেছি। ভয়াবহ অবস্থা চোখে না দেখলে বিশ্বাস হয় না। তিনি বলেন, এপ্রিল মাস আসলেই ঘূর্ণিঝড়-টর্নেডো হয়। আওয়ামী লীগ সরকার সবসময় দুর্গত মানুষের পাশে থাকবে। আমি একদিনেই সবকিছু হারিয়েছি। আপনজন হারানোর বেদনা আমি বুঝি। যারা ঘরবাড়ি হারিয়েছেন, যারা সহায়-সম্পদ হারিয়েছেন, আমরা তাদের প্রয়োজনীয় সাহায্য দেব। সব জায়গায় তাঁবু লাগানো হবে। যেসব ছেলেমেয়ে বইখাতা হারিয়েছে তাদের সব বই খাতা দেব। ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মেরামত করে দেব। তিনি বিত্তশালীদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ানোর আহবান জানান। তিনি সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ অন্যান্য মানুষকে দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার। বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য র,আ,ম, উবায়দুল মোক্তাদির চৌধুরী, সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পী, কেন্দ ীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মঈনউদ্দিন মঈন, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান আনছারী প্রমুখ। উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) তাজুল ইসলাম, সংসদ সদস্য শাহ আলম, সংসদ সদস্য ছায়েদুল হক, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু প্রমুখ। এর আগে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে দুর্গত এলাকা পরিদর্শন করেন। ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামে হেলিকপ্টার থেকে নেমে সড়কপথে দুর্গত এলাকায় যান এবং মানুষের খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রী নিহতদের নয়টি পরিবারের মাঝে নগদ ২৬ হাজার করে টাকা ও ১টি লুঙ্গি, ১টি শাড়ি, ২ বান্ডিল ঢেউটিন, ৩০ কেজি চাল এবং ক্ষতিগ্রস্ত অপর ৯টি পরিবারকে ৬ হাজার করে টাকা, ২ বান্ডিল ঢেউটিন, ৩০ কেজি করে চাল বিতরণ করেন।