সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মজিদ-উল হকের ইন্তেকাল

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২২:৪৩
সাবেক মন্ত্রী, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মজিদ উল হক আর নেই। ফুসফুসের সংক্রমণে ভুগে সোমবার ভোরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছি ৮৭ বছর। তিনি ফুসফুসের সংক্রমণজনিত রোগে ভুগছিলেন। দশ দিন আগে তার স্ত্রী মমতাজ জাহান জেবুন্নেসা মজিদও মারা যান। আজ মঙ্গলবার বিকালে ঢাকা সেনানিবাসের আল্লাহু জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। ১৯২৬ সালে মাগুরায় জন্মগ্রহণ করেন মজিদ উল হক। ১৯৬০ এর দশকের শেষভাগে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে মেজর জেনারেল পদে উন্নীত হন। ১৯৭৭ সালে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় সংস্থাপন মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। এর আগে শিল্প, রেল ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। পরে ১৯৭৯ সালে তিনি বিএনপির প্রার্থী হিসাবে মাগুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১-৯৬ সময়ে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের আমলেও তিনি কৃষি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য থাকার পর ১৯৯৮ সালে তিনি পদত্যাগ করেন। মজিদ উল হক ও জেবুন্নেসা মজিদ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার কুলখানি হবে আগামী শুক্রবার বনানীর ডিওএইচএস কমিউনিটি সেন্টারে। খালেদা জিয়ার শোক মজিদ উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন, সত্, কর্তব্যনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ মরহুম মেজর জেঃ (অবঃ) মজিদ উল হক জনকল্যাণের মহান ব্রত নিয়ে রাজনীতি করতেন।