খুনিরা সনাক্ত হওয়ার পরও টালবাহানা করা হচ্ছে

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২২:৪৩
নিহত সাংবাদিক সাগর সরোয়ারের মা সালেহা মনির আক্ষেপ করে বলেছেন, ‘আমি জানি সাগর-রুনির খুনিরা সনাক্ত হয়েছে। ঘটনার পরেই তাদেরকে সনাক্ত করা হয়েছে; কিন্তু এখন এটা নিয়ে টালবাহানা করা হচ্ছে। দয়া করে এটা নিয়ে আপনারা টালবাহানা করবেন না।’ গতকাল সোমবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সাগর-রুনির খুনিদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশে প্রশাসনের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এদিকে হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমে কোনো অগ্রগতি না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করার কথা বলেন সাংবাদিক নেতারা। আন্দোলনের অংশ হিসাবে আগামী ২৯ এপ্রিল একই স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সালেহা মনির আরো বলেন ‘আমার ছেলেকে নিয়ে যখন স্বরাষ্ট্রমন্ত্রী কুরুচিপূর্ণ কথা বলেন, তখন আমি আশাহত হই। পত্রিকায় যখন সাগর-রুনির খবর না দেখি তখন আমি আশাহত হই। আমি জানি খুনিরা সনাক্ত হয়েছে। এখন আপনারা এই ঘটনা নিয়ে টালবাহানা করছেন। দোহাই লাগে আপনারা এটা করবেন না। আমার মাথা গোঁজার ঠাঁই নাই। সাগর কি অন্যায় করেছিলো তা আমি জানতে চাই। আপনারা আমাকে সব খুলে বলুন। কুরুচিপূর্ণ কথা বলবেন না’। জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও সাংবাদিক বেবী মওদুদ বলেন, ‘সাগর-রুনির হত্যার বিচার করা জরুরি। আগেও অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। সাগর-রুনিসহ আমরা ওইসব হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই’। শাহেদ চৌধুরী বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেয়ার পর গত ১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনির খুনিদের গ্রেফতারের আশ্বাস দিয়েছিলেন; কিন্তু তা কার্যকর হয়নি। সরকারের দায়িত্বশীল ব্যক্তি হিসাবে তিনি ব্যর্থ হয়েছেন। তিনি পুরো বিষয়টি নিয়ে নাটক করছেন বলে মনে হচ্ছে। ব্যর্থতার দায়ভার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, সাগর-রুনির খুনিদের গ্রেফতার না করা পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটির আন্দোলন চলবে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আগের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো ব্যর্থ হয়েছেন। এই স্বরাষ্ট্রমন্ত্রী অসংলগ্ন কথা বলছেন। এছাড়া বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাবান মাহামুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাজ্জাদ আলম খান তপু, মনির হোসেন লিটন, সহ-সভাপতি জিয়াউল কবির সমুন, সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, কাজী হাবিব, নাজমুল আহমেদ তৌফিক, মোস্তফা হোসেন চৌধুরী, রফিকুল ইসলাম রতন, মিজান মালিক, আবু দারদা, আবু সালেহ আকন, শেখ মামুনর রশীদ, সালিম সামাদ, রাহুল রাহা প্রমুখ।