ব্রাহ্মণবাড়িয়ায় বখাটের হামলায় কলেজ ছাত্রী আহত

আপডেট : ০৬ মে ২০১৯, ১৫:৩৭

ব্রাহ্মণবাড়িয়ায় সাথী নামক এক কলেজ ছাত্রীকে পিটিয়ে আহত করেছে এক বখাটে যুবক। আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাথী সদর উপজেলার নরসিংহসার আলহাজ নূরুন্নাহার কলেজের দ্বাদশ ব্যবসা শাখার শিক্ষার্থী ও পার্শ্ববর্তী পয়াগ গ্রামের কৃষক মোঃ শাহজাহানের মেয়ে।

এ ঘটনায় কালিসীমা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে আকাশকে (১৮) আটক করে পুলিশে দিয়েছে কলেজ অধ্যক্ষ। সোমবার সকাল সাড়ে ৯টায় কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন সাথী জানান, কলেজে ভর্তি হওয়ার পর থেকে আকাশ তাকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছে। এ নিয়ে মুখ খুললে তাকে ও তার পরিবারের সবাইকে মেরে ফেলবে বলে হুমকি দিলে সাথী নীরবে সহ্য করে যায়। এমনকি তার সহপাঠীদের সঙ্গে কথা বললেও আকাশ তাদের শাসায়। কিছুদিন আগেও আকাশ সাথীকে দুটো চড় মারে।

সোমবার সকালে আকাশ সাথীকে তার সঙ্গে আলাদা দেখা করার কথা বললে সাথী মানা করে। এ সময় ক্ষিপ্ত হয়ে আকাশ তাকে এলোপাথাড়ি চড়, কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। এক পর্যায়ে তার ডান কান দিয়ে রক্ত বের হতে থাকলে আকাশ এলাকা ছাড়ে।

এ খবর পেয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ পার্শ্ববর্তী বোর্ড বাজার থেকে আকাশকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, আমি কলেজে ঢোকার সময় ছাত্রীকে মারধোরের কথা শুনি। এরপর বাজারে গিয়ে আকাশকে পেয়ে যাই। তাকে ধরে এনে পুলিশে খবর দিয়ে সোপর্দ করি। আমরা চাই বখাটে এই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি হউক।

আরও পড়ুনঃ বরিশালে বাংলাদেশ ব্যাংকের ভল্টে আগুন

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) মো.জিয়াউল হক জানান, এক ছাত্রীকে পেটানোর অভিযোগে এলাকাবাসী আকাশ নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে। আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো।

ইত্তেফাক/নূহু