তোমাদের জন্য লেখা

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ১৮:৩৮
নীলপরী ও আরশি মণি নীলপরী ও আরশি মণি জাহানারা জানির লেখা শিশু-কিশোরদের জন্য লেখা একটি শিশুতোষ গল্পের বই। বইটিতে ‘নীলপরী’ এবং ‘আরশি মণি” শিরোনামে দুটি চমত্কার গল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। শিশু সাহিত্যে জাহানারা জানি পরিচিত নাম। তার ছড়া শিশুদের যেমন অনাবিল আনন্দ দেয়, তেমনি এই বইটিও সোনামণিদের ভাসিয়ে নিয়ে যায় রূপকথার স্বর্গরাজ্যে। নীলপরী গল্পটি সাত-আট বছরের শৈশবে নানাভাইয়ের কোলে বসে শোনা এক পরীর জীবন কাহিনী। কখনো ভয় কখনো আনন্দ কখনো বা দুঃখ ঢেউ খেলে যায় পরীর পাখার মত মনের আকাশ জুড়ে। গল্পটি থেকে এখানে কিছু অংশ তুলে ধরা হল। ‘মাত্র একদিনেই আমরা বঙ্গপসাগরের তীরে এসে গেলাম। এবার মেঘরাজ কালপাহাড়ে এসে বললো, যাও, এই সে সোনার দেশ। এখানে মানুষগুলো বড়ই সরল-সোজা। আর মনগুলো মেঘের মত নরম। এমন সুন্দর দেশ দেখে আমি আনন্দে আত্মহারা।’ আর আরশি মণি গল্পটা ভিন্ন স্বাদের। এটিকে শিশুতোষ ভ্রমণ কাহিনী বলা যায়। আরশি মণি হার্টের চিকিত্সার জন্য ভেলর শহরে যায়। শহরের মনোমুগ্ধকর প্রকৃতি আর অমায়িক ব্যবহারের মানুষগুলো তার খুব ভাল লাগে। মাধবির গোলাপি লতা, ছোট্ট ছোট্ট পাখির শহরে আরশি মণিও যেন এক ভিনদেশি প্রজাপতি। উড়ে উড়ে বেড়ায় পরীর মত ভেলর শহরের ঝরনায়, মল্লিকার ঝাঁড়ে, বিষ্ণুলজের একোণ ওকোণ। এক সময় এই পরীকে হারিয়ে ফেলি আমরা কিন্তু সে যেন জীবন্ত হয়ে রয় ভেলর শহর জুড়ে। শব্দ চয়ন আর বর্ণনা ভঙ্গিতে সহজেই শিশুদের আকৃষ্ট করবে গল্প দুটি। বইয়ের বাঁধাই ও মুদ্রণ আকর্ষণীয়। তবে শিশুদের বই হিসেবে সন্নিবেশিত ছবিগুলো ডিজিটাল পদ্ধতিতে কপি না করে রং-তুলির আচড়ে হলে আরো ভাল হত। এটি প্রকাশিত হয়েছে ঢাকার মুক্তচিন্তা প্রকাশন থেকে। মূল্য দুশো টাকা। বুলবুল-এ-জাফর আমরা ভোরের পাখি ‘আমরা ভোরের পাখি’ একখানি ছড়া-কবিতার বই। বইটি লিখেছেন শামসুল করীম খোকন। খোকন একজন সুপরিচিত ছড়া-লেখক। শিশু-কিশোরদের জন্য রচিত এ বইটিতে মজার মজার একুশটি ছড়া-কবিতা রয়েছে। এগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখ্য হলো:আমরা ভোরের পাখি, আদর্শ মানুষ, গোলাপ ফুল, দিনের রুটিন, সুখের ছোঁয়া, রাগ করো না, ঈদ এসেছে, গরিব বলে ইত্যাদি। কিশোর তুমি কবিতাটি খুবই সুন্দর। কিছু অংশ এরকম কিশোর তুমি বীর সেনানী লক্ষ প্রাণের আলো এই পৃথিবীর বুকে ন্যায়ের দীপ্ত মলাল জ্বালো। চার রঙা এবং চমত্কার কাগজে মুদ্রিত বইটির মনোরম প্রচ্ছদ ও অলঙ্ককরণ করেছেন শিল্পী সোহাগ পারভেজ। বইটি প্রকাশিত হয়েছে ঢাকার প্রতিভা প্রকাশ থেকে। মূল্য আশি টাকা। এ বইটি ছোটদের ভালো লাগবে। মিলন সব্যসাচী