বসন্ত আজ কেমন জানি লাগে
ভরা তারুণ্যের ঊর্মীমালা জাগে,
একাত্তরের চেতনাস্নাত ভোর
নতুন আলো ছড়ায় অনুরাগে;
মুক্তিযুদ্ধে শহীদ যে কিশোর—
বৃদ্ধা মায়ের চোখে আজও ঘোর
তমসাচ্ছন্ন রাত্রির কালো ছায়া
পুত্রশোকের বেদনায় বিভোর;
দেখো প্রজন্ম জেগেছে আবার আজ
মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্বর,
সহস্র কণ্ঠে উঠেছে এক আওয়াজ
দেশরক্ষার দীপ্ত কণ্ঠস্বর।
