বাবা আসিফ আলী জারদারির সঙ্গে বিরোধের জের ধরে পাকিস্তান ছাড়লেন পুত্র বিলাওয়াল ভুট্টো। তিনি গতকাল মঙ্গলবার দুবাই গেছেন। ফলে আগামী জাতীয় পরিষদের নির্বাচন উপলক্ষে আগামী ৪ এপ্রিল থেকে দলের যে নির্বাচনী প্রচারাভিযান শুরু হবে তাতে বিলাওয়াল অংশ নিচ্ছেন না। গত ২৩ মার্চ আসিফ আলী জারদারি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো চেয়ারম্যান থেকে পদত্যাগের পর বিলাওয়াল ভুট্টোকে দলের প্রধান করা হয়। খবর ডন-এর।
পিপিপির জেনারেল সেক্রেটারি লতিফ খোসা জানান, নিরাপত্তার কারণে বিলাওয়াল নির্বাচনী সমাবেশে অংশ নেনবেন না। তবে তিনি ভিডিও কিংবা টেলিকনফারেন্সের মাধ্যমে সমাবেশে অংশ নিতে পারেন। পিপিপির মুখাপাত্র কামার জামানও বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী নির্বাচনী বিভিন্ন আসনে প্রার্থী মনোনয়ন, জঙ্গিবাদ এবং জাতিগত দ্বন্দ্বের বিষয়ে প্রেসিডেন্ট জারদারি এবং তার বোন ফারিয়াল তালপুরের সঙ্গে বিরোধ দেখা দেয়। মালালা ইউসুফজাইয়ের ওপর তালেবানের হামলা এবং করাচি এবং কোয়েটাতে শিয়া সমপ্রদায়ের ওপর হামলার ঘটনায় পিপিপির তেমন গুরুত্ব না দেয়ায় মনোক্ষুণ্ন ছিলেন বিলাওয়াল। এছাড়া সাবেক ক্রিকেটার ইমরান খান যুবকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছেন। কিন্তু তার দল পিপিপি এক্ষেত্রে তেমন ভূমিকা পালন করছে না। সিন্ধু প্রদেশে তার পছন্দের প্রার্থীদের মনোনয়ন না দেয়ায় ফুফু তালপুরের ওপর ক্ষুব্ধ হন তিনি। গত মাসে সিন্ধু মুখ্যমন্ত্রীকে দলের ২ শ সমর্থককে চাকরি দেয়ার অনুরোধ করেছিলেন বিলাওয়াল। কিন্তু সেখানে বাধ সাধেন তালপুর। এসব বিষয়ে জারদারির সঙ্গে আলাপ করলে তিনি (জারদারি) বোনের পক্ষ নেন। জারদারি বলেছিলেন, তার কাছে দলের সব ক্ষমতা দেয়া হবে যখন তিনি (বিলাওয়াল) রাজনৈতিকভাবে পরিপক্ক হবেন। এরপর বিলাওয়াল রাগ করে দুবাই চলে যান। তবে বিলাওয়ালের প্রধান স্টাফ বলেছেন, বাবার সঙ্গে বিলাওয়ালের বিরোধ নেই, এসব গুজব।
