বাকৃবিতে জিএম শস্য বিষয়ক সেমিনার

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২১:৩৭
বাকৃবি প্রতিনিধি বর্তমানে উন্নয়নশীল দেশে জিএম (জেনেটিক্যালি মোডিফাইড) শস্যের চাষাবাদ বাড়ছে। বর্তমান বিশ্বে ১৭০ মিলিয়ন হেক্টর জমিতে জিএম শস্যের চাষ হচ্ছে। এর ফলে বাংলাদেশসহ অনেক দেশ খাদ্য নিরাপত্তা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। জিন ম্যানিপুলেশনের মাধ্যমে নিত্যনতুন শস্যের জাত তৈরি করা হচ্ছে। এতে একদিকে যেমন এসব শস্যের বৃদ্ধি দ্রুত হচ্ছে অন্যদিকে শস্যের উত্পাদনও বাড়ছে বহুগুণ। তবে জিএম শস্য ব্যবহার ও চাষাবাদ বিষয়ে বিভিন্ন মহল থেকে নানা ধরনের প্রশ্ন তোলা হচ্ছে। বিভিন্ন ধরণের গুণাগুণ বিশ্লেষণ করার মাধ্যমে জিএম শস্যের চাষাবাদ বাড়াতে হবে। গত সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জিএম শস্য বিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনার ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। ‘জিএম শস্যের বর্তমান বৈশ্বিক অবস্থা ও বাংলাদেশে খাদ্য নিরাপত্তায় জিএম শস্যের অবদান’ শীর্ষক সেমিনার ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইমদাদুল হক, কৃষি জৈব প্রযুক্তি সাপোর্ট প্রোগ্রামের বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর ড. জি পি দাস প্রমুখ।