গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের গফরগাঁওয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বিবদমান ৩ গ্রুপ পাল্টাপাল্টি মিছিল, সমাবেশের আয়োজন করে। এ নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে। রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে স্থানীয় এমপি গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান ফাহমি গোলন্দাজ বাবেল ও পৌর মেয়র এডভোকেট কায়সার আহম্মেদ আলাদা আলাদাভাবে নেতাকর্মী-সমর্থকদের নিয়ে শ্রদ্ধার্ঘ করতে আসেন।
এ সময় ৩ গ্রুপের নেতাকর্মীরা তাদের নেতাদের নামে পাল্টাপাল্টি শ্লোগান দিতে থাকলে শান্তি- শৃংখলা বজায় রাখতে প্রশাসনকে গলদঘর্ম হতে হয়। উদ্ভূত পরিস্থিতিতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ছাড়াই মধ্যরাতের কর্মসূচি শেষ হয়।
গতকাল মঙ্গলবার স্থানীয় এমপি গিয়াস উদ্দিনের গ্রুপ পৌর শহরের জামতলা মোড়ে এবং সেখান থেকে ১৫০ গজ দূরে রেলস্টেশন চত্বরে উপজেলা চেয়ারম্যান ফাহমি গোলন্দাজ বাবেল ও মধ্যবাজারে পৌর মেয়র এডভোকেট কায়সার আহমেদ সমাবেশের আয়োজন করেন। পরিস্থিতি সামাল দিতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
