হারানো আসন ফিরে পেলেন উডস

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২১:৫০
ব্যক্তি জীবনের টর্নেডো সামাল দিয়ে আবার গুছিয়ে নেয়া টাইগার উডস এবার গলফের বিশ্ব র্যাংকিংয়ে শীর্ষে নিজের হারানো স্থানটি ফিরে পেলেন। তিন বছর পর আবার গলফের পেশাদার জগতে নিজেকে তুলে আনলেন। উডসকে সর্বশেষ গত সোমবার আর্নল্ড পালমার টুর্নামেন্টের শিরোপা জয়ের পরে প্রশ্ন করা হয়েছিল, ‘শেষ কবে আপনার খেলোয়াড়ি এবং ব্যক্তিগত জীবনে এমন ঐকতান ছিল? তিনি উত্তর দিলেন, ‘বেশ কয়েক বছর আগে।’ ক্যারিয়ারের ১১তম বারের মতো শীর্ষে উঠলেন তিনি, ২০১০ সালের ৩০ অক্টোবরের পরের হিসেবে প্রথম। মনে হচ্ছিল গত কয়েক বছর যে দু:সময়ের মধ্য দিয়ে তাকে জেতে হয়েছে, আমন্ত্রণমূলক এই টুর্নামেন্ট জিতে শীর্ষে ওঠার আনন্দও সেটাকে পুরোপুরি মুছে দিতে পারেনি। উডসের উচ্ছ্বাসহীনতার কারণ হয়তো সেটাই। বেশ কয়েকজন নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের খবর প্রকাশিত হওয়ার পরে ২০১০ সালে এলিন নরডেগ্রেনের সঙ্গে ছয় বছরের সংসার জীবনের ইতি ঘটে। স্ত্রীর সঙ্গে সঙ্গে ‘সাফল্যও’ যেন ছেড়ে যায় উডসকে । র্যাংকিংয়ের শীর্ষ থেকে নেমে যান ৫৮তম স্থানে। সময়ের সঙ্গে কঠিন এক লড়াই শেষে গত বছর থেকে আবারো শীর্ষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা গড়ার ইঙ্গিত দেন উডস। এই বছর এখনো পর্যন্ত জিতেছেন তিনটি শিরোপা। তার এই সাফল্যে বান্ধবী লিন্ডসে ভনের অবদান খুঁজতে পারেন অনেকেই। কারণ লিন্ডসের ভেলায় মন ভাসানোর পর থেকেই পুরনো সাফল্য আবারো সখ্যতা গড়তে শুরু করেছে উডসের সঙ্গে। সামপ্রতিক এক সাক্ষাত্কারে উডস নিজেও বলেছেন এমনটাই। আর শিরোপা জয়ের সঙ্গে সঙ্গে প্রেমিককে অভিনন্দিত করে লিন্ডসে টুইট করেছেন,‘নাম্বার ওয়ান !!!!!!!!!!!!’ এছাড়াও পরিশ্রম এবং লক্ষ্যে অবিচল থাকতে পারাকেই উডস এই সাফল্যের কারণ হিসেবে মনে করছেন। তিনি বলেন, ‘এটা হচ্ছে পরিশ্রম এবং ধৈর্যের ফসল। আপনি যখন বেশি বেশি টুর্নামেন্ট খেলবেন তখন সেটা আপনাকে সাহায্য করবে।’