শেখ জামাল ও মোহামেডান মধ্যকার স্বাধীনতা কাপ ফুটবলের ‘মরা বাঁচার’ সমীকরণের খেলাটি শেষ পর্যন্ত কঠিন লড়াইয়ের দিকে গড়ায়নি। শুরুটা দুর্দান্ত হলেও শেষটা ছিল গতিহীন। তারপরও কমলাপুর স্টেডিয়ামে খেলাটি গোলশূন্য ড্রয়ে শেষ হলেও লাভবান হলো উভয় দল। কারণ দল দুটির অর্জন দাঁড়ালো সাত পয়েন্ট করে। তবে গোল গড়ে এগিয়ে থেকে প্রতিযোগিতার ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে গেল শেখ জামাল।
মোহামেডানেরও সেমিফাইনালে যাওয়া নিশ্চিত প্রায়। কেননা প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী তিন গ্রুপ থেকে সেরা রানার্সআপ হিসেবে একটি দল সেমিফাইনাল খেলবে। অপর দুটি গ্রুপের রানার্সআপ এখনো নিশ্চিত না হলেও বাস্তবের হিসেবে ‘এ’ গ্রুপ রানার্সআপ মোহামেডানই এগিয়ে। সেক্ষেত্রে সেমিফাইনালেও মুখোমুখি হবে শেখ জামাল ও মোহামেডান।
শেষ চারে ওঠার লড়াইয়ে ‘বি’ গ্রুপে শেখ রাসেল এবং আবাহনীর মধ্যে লড়াই চলছে। সমান জয় নিয়ে ৬ পয়েন্ট করে পেয়েছে দল দুটি। গোল গড়েও সমানভাবে এগিয়ে রয়েছে। এই ম্যাচে ড্র হলেও মোহামেডান শ্রেয়তর গোল ব্যবধানের কারণে সেমিফাইনালের পথেই আছে।
গতকাল দুপুরে কাঠফাটা রৌদ্রে মোহামেডান ও শেখ জামালের লড়াইয়ে প্রথমদিকে উত্তাপ ছিল। মোহামেডান ১০ মিনিটে দুইবার গোলের সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ব্যর্থ হয়েছেন নাইজেরিয়ান স্ট্রাইকার সিসান। সামপ্রতিক সময়ে তার মতো ব্যর্থতা আর কেউ দেখায়নি। বিপক্ষের অফসাইড ট্র্যাপকে ফাঁকি দিয়ে শেখ জামালের অরুপ বৈদ্য মোহামেডানের পোস্টে বল মেরে ছিলেন। কিন্তু সাইড বার ঘেঁষে তা বাইরে চলে যায়। দ্বিতীয়ার্ধের খেলায় দুই দলের মধ্যে গোলের জন্য তৃষ্ণা দেখা গেল না। লক্ষ্যহীন এলোমেলো শটের প্রাচুর্য দেখা গেল খেলায়। মোহামেডানের বক্সের সামনে দুই বার ফ্রিকিক পেল শেখ জামাল। দুইবারই নাইজেরিয়ান আলফ্রেড ইমোইফের শট গিয়ে আঘাত করল খেলোয়াড়দের প্রাচীরের সামনে । বদলী স্ট্রাইকার সোহেল রানার হেড অল্পের জন্য মোহামেডানের সাইড পোস্টে লেগে বাইরে চলে যায়।
খেলা তখন শেষের পথে। সবাই হিসাব করতে লাগলেন সেমিফাইনাল নিয়ে। শেখ জামাল ড্র করলে সেমিফাইনালে প্রতিপক্ষ মোহামেডান। কারণ সাদাকালো দলটি তুলনায় দুর্বল। ফাইনালের টিকিট পাওয়াটা সহজ হবে। হয়তো সে কারণেই শেখ জামাল আর মোহামেডানের একে অপরের জাল খোঁজেনি। কিন্তু বিষয়টি স্বীকার করলেন না জামালের নাইজেরিয়ান কোচ যোসেফ আপুসি। তিনি বললেন, ‘আমাদের অরুপ বৈদ্যর চেষ্টা বাইরে গেছে। গোলপোস্ট দেখিয়ে বললেন সোহেল রানার হেডটা যদি জালে যেত তখন তো দৃশ্যপট পাল্টে যেতো। আমরা ম্যাচ জিততাম।’ এলোমেলো খেলা প্রসঙ্গে মোহামেডানের কোচ সাইফুল বারী টিটুর কথা, ‘আমাদের লক্ষ্য ছিল ড্র রাখা। শেখ জামাল সুপিরিয়র টিম। ওরা হয় তো সেমিফাইনালে মোহামেডানকে পেতে চায়।’
আজকের খেলা ঃ
সকার ক্লাব ঃ নৌবাহিনী,
বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৭টা ১৫
