ইংল্যান্ডের উইকেটরক্ষক ম্যাট প্রিয়রের দুর্দান্ত এক সেঞ্চুরিতে শেষপর্যন্ত অকল্যান্ড টেস্টে ড্র মানতে বাধ্য হলো স্বাগতিক নিউজিল্যান্ড। পেন্ডুলামের মত দুলতে থাকা ম্যাচে জয়ের জন্য ৪৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে গত সোমবার ম্যাচের শেষ দিনে ৯ উইকেটে ৩১৫ রান করে খেলা শেষ করে ইংলিশরা। টেস্টটি ড্র হওয়ায় অমীমাংসিতভাবেই শেষ হলো সিরিজটি।
ম্যাচের চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের জয়কে কেবল সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। কারণ ইংল্যান্ডকে ৪৮১ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয়ার পরে মাত্র নব্বই রানে স্বাগতিক বোলাররা তুলে নিয়েছিলেন প্রতিপক্ষের চারটি উইকেট। ম্যাচ বাঁচাতে হলে শেষ দিনে অসাধারণ কিছুই করতে হতো ইংল্যান্ডকে। ম্যাট প্রিয়র এবং ইয়ান বেলের উপর ভর করে শেষ পর্যন্ত সেই দুরূহ কাজটি করতে সমর্থ হল অ্যালিস্টার কুকের দল।
জয় দেখতে থাকা ব্ল্যাকক্যাপসা টেস্টের শেষ দিনের শুরু থেকেই ছিল দারুন উজ্জীবিত। প্রথম ইনিংসে ছয় উইকেট নেয়া ট্রেন্ট বোল্ট দিনের শুরুতেই তুলে নেন জো রুটকে। এরপরে সাউদি ব্যারিসটোকে তুলে নিলে চাপে পড়ে যায় সফরকারিরা। একপ্রান্ত আগলে রাখা বেল সপ্তম উইকেটে জুটি বাঁধেন নতুন ব্যাটসম্যান প্রিয়রের সাথে। তবে ২৩৭ রানে ফিরে যান বেলও। ৮ রান নিয়ে দিন শুরু করা বেল পরিস্থিতির দাবি মেনে ২৭১ বল মোকাবেলা করে ৭৫ রান করেন।
বেল ফিরে গেলে টেল এন্ডারদের সাথে নিয়ে একাই লড়াই চালিয়ে যান প্রিয়র। স্টুয়ার্ট ব্রডের সঙ্গে অষ্টম উইকেট জুটিতে যোগ করেন মূল্যবান ৬৬ রান। যাতে ব্রডের অবদান ছিল মাত্র ছয়। তবে ৭৭ টি বল মোকাবেলা করে ব্যাটসম্যান হিসেবেও নিজের দায়িত্ব ঠিকভাবেই পালন করেন ব্রড। এই জুটি প্রায় ৩০ ওভার অবিচ্ছিন্ন থাকার পরে মনে হচ্ছিল নিষপ্রাণ ড্রই হতে যাচ্ছে টেস্টটি। তবে কেন উইলিয়ামসনের একটি ওভারেই প্রাণ ফিরে আসে ম্যাচে। ঐ ওভারে ব্রডের পাশাপাশি অ্যান্ডারসনকেও তুলে নেন তিনি। তবে পানেসারকে সাথে নিয়ে বাকি সময়টা নিরাপদেই পাড় করেন প্রিয়র। এর মাঝে তিনি তুলে নেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি।
২০টি বাউন্ডারির সহায়তায় ১৮২ বলে ১১০ রান করে অপরাজিত থাকেন তিনি। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সফল বোলার ছিলেন উইলিয়ামসন। ৪৪ রানের বিনিময় নিয়েছেন ৪ উইকেট।
প্রথম দুটি টেস্টের পরে শেষ পর্যন্ত তৃতীয় টেস্টটিও ড্র হওয়ায় অমীমাংসিতই থেকে গেল সিরিজ।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৪৪৩ (অল আউট)
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২০৪ (অল আউট)
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস:২৪১/৬,ফুলটন ১১০
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৩১৫/৯, প্রিয়র ১১০, বেল ৭৫; উইলিয়ামসন ৪/৪৪।
