হার এড়ালো অস্ট্রেলিয়া

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২১:৫৩
সিডনিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত বিস্ময়করভাবে জিততে পারলো না ওমান। বরং গতকাল মঙ্গলবার সিডনি অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ২০১৪’র বাছাইপর্বে এশিয়া অঞ্চলের খেলায় ২-২ গোলে ড্র করতে সক্ষম হলো অস্ট্রেলিয়া। এই ড্রয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার সম্ভাবনা জাগিয়ে রেখেছে অস্ট্রেলিয়া। সফরকারী ওমান খেলার ৪৯ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল। পরবর্তীতে অস্ট্রেলিয়ার হয়ে গোল দুইটি করেন ব্রেট হোলম্যান ও টিম কাহিল। গ্রুপ ‘বি’-তে অস্ট্রেলিয়া ও ওমানের অর্জন এখন সমান ছয় পয়েন্ট করে। অস্ট্রেলিয়া দ্বিতীয় ও ওমান তৃতীয় স্থানে অবস্থান করছে। জাপান পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে। তাদের অর্জন ১৩ পয়েন্ট নিয়ে। জাপান গতকালই আম্মানে স্বাগতিক জর্ডানের সাথে খেলছিল। এশিয়া অঞ্চলের বাছাইয়ে দুইটি গ্রুপে দশটি করে দল রয়েছে। প্রতি গ্রুপের সেরা দুইটি দল আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে যাবে। গতকাল জাপান জয় পেয়ে থাকলে ২০১৪ বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে যাবে। অস্ট্রেলিয়া ও ওমানের ম্যাচটি ড্র হওয়ায় পরিস্থিতি এমন যে, জাপান জর্ডানের বিপক্ষে ড্র করলেও পৌঁছে যাবে বিশ্বকাপে। স্বাগতিক হিসেবে ব্রাজিল চূড়ান্ত পর্বে রয়েছে আগে থেকেই। বাছাই থেকে জাপানই হবে প্রথম দল যে বিশ্বকাপে সবার আগে টিকিট পেয়ে যাবে।