জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এমদাদুল হক নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন না পেয়ে অবশেষে ঠাকুরগাঁও-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করবেন বলে জানা গেছে।
সোমবার পীরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ও সহকারী রিটানিং অফিসার এম রায়হান শাহ কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছেন। এছাড়া এই আসন থেকে ইতিমধ্যে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ৯ জন মনোনয়ন ক্রয় করেছেন।
এমদাদুল হক বলেন, এই আসনে নৌকা প্রার্থী না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এলাকার মানুষের সাথে কথা বলেই এই মনোনয়ন পত্র সংগ্রহ করেছি।
এর আগে ঠাকুরগাঁও-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ক্রয় করেছিলেন সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হক, তাঁতী লীগের রবিউল ইসলাম রবি ও সুজাউল করিম সুজা।
পীরগঞ্জ উপজেলার ১০টি ও রানীশংকৈল উপজেলার ছয়টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-৩ আসন।
উল্লেখ্য, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ইয়াসিন আলী হাতুড়ি মার্কা নিয়ে জয়ী হন। জাতীয় পার্টি তথা মহাজোটের প্রার্থী হিসেবে হাফিজ উদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের ইমদাদুল হককে ২০০৮ সালের মতো এবারও দলের সিদ্ধান্তের প্রার্থিতা প্রত্যাহার করতে হয়। অবশ্য নির্বাচনে হাফিজ উদ্দিন আহমেদ পরাজিত হন।
তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন ও এছাড়া ওয়ার্কার্স পার্টির বর্তমান এমপি ইয়াসিন আলী মনোনয়ন ক্রয় করেছেন। ইতোমধ্যে নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিনকে ঘোষণা করেছে বলে বিভিন্ন মিডিয়ার প্রকাশ পেয়েছে।
ইত্তেফাক/আরকেজি
