ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে দুর্বৃত্তরা একটি ট্রেনের বগিতে অগ্নিসংযোগ করেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে রেলওয়ে স্টেশনের জংশনের ডগইয়ার্ডে দাঁড়িয়ে থাকা যাত্রী বহনকারী একটি ট্রেনের বগিতে আগুন দিলে সেটি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় রেলওয়ে কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভায়। এতে কেউ হতাহত হয়নি।
রাজশাহীতে থানায় বোমা হামলা
বার্তা সংস্থা বিডিনিউজ জানায়, গতকাল রাতে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ফিরোজ উদ্দিন ও দবির উদ্দিন নামে দুই কনস্টেবল আহত হয়েছেন। রাত ৮টা ২০ মিনিটে থানার পূর্ব পাশের সীমানা প্রাচীরের বাইরে থেকে ভেতরে পাঁচটি হাত বোমা নিক্ষেপ করা হয় বলে পুলিশ জানিয়েছে। বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বিডিনিউজকে বলেন, একটি বোমা ফিরোজ উদ্দিনের পেটে এসে সরাসরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দবিরকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়।
