পোল্যান্ডে জনশক্তি রপ্তানির নামে প্রতারণা, আদম ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২২:৩৮
পোল্যান্ডে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা করার অভিযোগে রাজধানীর তোপখানা রোড এলাকা থেকে এনাম মাহাদি নামে এক আদম ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমতি না নিয়ে বিদেশে লোক পাঠানোর বিজ্ঞপ্তি প্রকাশ করে তোপখানা রোডের মেহরবা প্লাজার হলিডে ট্যুরস এন্ড ট্রাভেলস নামের প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি দেখে কয়েক ব্যক্তি পোল্যান্ডে যাওয়ার জন্য জনপ্রতি ৬ লাখ টাকা দেয় ঐ প্রতিষ্ঠানের মালিক এনাম মাহাদিকে। বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভিজিলেন্স টাক্সফোর্স প্রতারণার বিষয়টি টের পেয়ে খবর দেয় শাহবাগ থানা পুলিশকে। সোমবার বিকালে তোপখানা রোডের ঐ অফিস থেকে এনাম মাহাদিকে গ্রেফতার করা হয়। শাহবাগ থানার ওসি (তদন্ত) এম এ জলিল জানান, এ ঘটনায় ঢাকা জেলা কর্মসংস্থান ব্যুরোর সহকারী পরিচালক মাহমুদ উল্লাহ আকন্দ শাহবাগ থানায় মামলা করেছেন। এ মামলায় এনাম মাহাদিকে ১ দিনের রিমাণ্ডে নেয়া হয়েছে। টাক্সফোর্স কমিটির প্রধান সন্তোষ অধিকারী জানান, সরকারের অনুমতি না নিয়ে ঐ প্রতিষ্ঠানটি পোলান্ডে লোক পাঠানোর একটি বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করে। পোলান্ডে পাঠানোর জন্য তারা জনপ্রতি ৬ লাখ টাকা করে আদায় করছিল। এই প্রক্রিয়ায় তার সঙ্গে আরও লোক জড়িত রয়েছে। কিন্তু তাদের এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।