হরতালের সপ্তাহে শুক্র ও শনিবার ব্যাংক, বন্দর ও শুল্ক স্টেশন খোলা রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে সাক্ষাত্ করে তারা এ দাবি জানান।
অর্থমন্ত্রী তাদের এ দাবির সাথে একত্মতা প্রকাশ করেছেন। ব্যবসায়ীরা আশা করছেন, অর্থমন্ত্রী শুক্র ও শনিবার (হরতালের সপ্তাহে) ব্যাংক, বন্দর ও শুল্ক বিভাগ খোলা রাখার জন্য অচিরেই নির্দেশ দেবেন। এদিকে গতকালই ব্যবসায়ীরা স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের বাসভবনে সাক্ষাত্ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহ-সভাপতি হেলাল উদ্দিন, সংগঠনের সাবেক সভাপতি এ কে আজাদ, বিজিএমইএ’র নবনির্বাচিত সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।
বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম ইত্তেফাককে বলেন, শনিবার দেশের সকল বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলা রাখা এবং হরতালের সপ্তাহে শনিবার ব্যাংকসহ বন্দর ও শুল্ক স্টেশন খোলা রাখার জন্য অর্থমন্ত্রীকে আহ্বান জানিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন। তিনি বলেন, হরতালসহ চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের ক্রেতা চলে যাচ্ছে। গার্মেন্টস শিল্প হরতালের আওতামু্ক্ত হলেও আমদানি-রপ্তানি করা যাচ্ছে না। এছাড়া স্বরাষ্র্বমন্ত্রীর সাথে সাক্ষাত্ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছি। আগামীকাল (আজ বুধবার) পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সাথে সাক্ষাত্ করবো।
