মেহেরপুরে ‘দোদুল ঠেকাও, নৌকা বাঁচাও’ স্লোগানে বিক্ষোভ

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ০৩:২৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন দোদুলকে প্রত্যাখান করে বিক্ষোভ মিছিল ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যায় জেলা যুবলীগের সাবেক সভাপতি আবু সালেহ উদ্দিন বিশ্বাস টনিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মেহেরপুর কোর্ট মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের আওয়ামী লীগ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে তারা কোর্ট মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে কিছুক্ষণের জন্য সড়ক অবরোধ করে রাখে। এসময় তারা ‘দোদুল ঠেকাও, নৌকা বাঁচাও’ সহ বিভিন্ন স্লোগান দিয়ে প্রার্থী প্রত্যাহার করে নতুন প্রার্থী দেওয়ার দাবি জানান।

বক্তারা জানান, ভোটের আগে আমরা হারতে চাই না, প্রার্থী পরিবর্তন না করলে হার নিশ্চিত। তাই প্রার্থী প্রত্যাহার করে নতুন প্রার্থী দেওয়ার দাবি জানান তারা। আগামীকাল মঙ্গলবার বিকালে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন। পরে পুলিশের ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইত্তেফাক/আরকেজি