কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় সাহিদা নামে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে নগরীর হাউজিং এস্টেটের একটি বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পুলিশ এ সময় জনৈক শামীমকে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার করইশ গ্রামের সৌদী প্রবাসী আবদুল মান্নানের স্ত্রী সাহিদা (২৮) তার ১০ বছরের ছেলে সামি ও ৮ বছরের মেয়ে তানহাকে নিয়ে কুমিল্লা মহানগরীর হাউজিং এস্টেটের এ ব্লকের ৪ নং সেকশনের বিবর্ত নামে একটি বাড়িতে ভাড়া থাকতেন। সাহিদার লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী কোতোয়ালী মডেল থানার এসআই বিকাশ মণ্ডল জানান, মৃতের লাশ ওই ফ্ল্যাটের বারান্দার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল। তিনি আরো জানান, আটক শামীম ও প্রবাসীর স্ত্রী সাহিদা স্বামী-স্ত্রী পরিচয়ে প্রবাসী স্বামীর অজান্তে গত ৭/৮ মাস যাবত্ ওই ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। এ বিষয়ে নিহত সাহিদার ভাই শাহাদাত্ হোসেন বাদী হয়ে গতকাল বুধবার বিকালে গ্রেফতারকৃত শামীমকে আসামি করে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।
