জামালপুরে বখাটের ৬ মাসের কারাদণ্ড

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২১:২৫
জামালপুর প্রতিনিধি জামালপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক বখাটেকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, গত মঙ্গলবার সদর উপজেলার রনরামপুর আরকেডি উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে ওই স্কুলের এক ছাত্রীকে উপজেলার বাদেচান্দি-হামিদপুর গ্রামের সুরুজ্জামানের বখাটে পুত্র সোহাগ উত্ত্যক্ত করে। এ সময় শিক্ষক ও এলাকাবাসী বিষয়টি সদর থানার ওসি মজিবুর রহমানকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে বখাটে সোহাগকে আটক করে। পরে সোহাগকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুত্ফুন্নাহার তাকে ৬ মাসের সাজা প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।