আজ টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভায় নির্বাচন

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২১:৩২
আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নবগঠিত এলেঙ্গা পৌরসভা নির্বাচন। মেয়র পদে মোট প্রার্থী পাঁচজন। তবে বিএনপি সমর্থিত প্রার্থী শাফী খান (আনারস), একই দলের বিদ্রোহী প্রার্থী এসএম সফিকুল ইসলাম তালুকদার শাফি (চশমা) ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম মোহাম্মদ খানের (কাপ-পিরিচ) মধ্যে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। মেয়র পদে অপর দুই প্রার্থী উপজেলা কৃষক লীগের আহবায়ক জমিরউদ্দিন (দোয়াত-কলম) এবং কৃষক শ্রমিক জনতা লীগের আতিকুর রহমান সাদেক (তালা)। এবারই টাঙ্গাইলে প্রথম ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন)-এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এ পদ্ধতির সফল বাস্তবায়নের জন্য সোমবার পরীক্ষামূলকভাবে ইভিএমের মাধ্যমে প্রতীকী ভোট গ্রহণ করা হয়। ইভিএম নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনে সংরক্ষিত (মহিলা) আসনে কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নবগঠিত এই পৌরসভায় ওয়ার্ড নয়টি, কেন্দ্র ১২টি, ভোটকক্ষ ৬৮ এবং মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৩২৮। পুরুষ ভোটার ১৩ হাজার ৩২৪ জন ও মহিলা ভোটার ১৪ হাজার চারজন। রিটার্নিং অফিসার কালিহাতীর ইউএনও রফিকুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট এবং র্যাব, পুলিশ ও আনসার সদস্য থাকবে। ইভিএম সম্পর্কে বিএনপি সমর্থিত প্রার্থী শাফী খান বলেন, আওয়ামী লীগের লোকজন ছাড়া সবাই ইভিএমের বিপক্ষে। এত স্বল্প সময়ে নতুন এই পদ্ধতি সম্পর্কে সবাইকে সচেতন করা সম্ভব নয়। সরকার থেকে জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে। আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোহাম্মদ খান ইভিএম সম্পর্কে বলেন, ইভিএম পদ্ধতি খুবই ভাল এবং সহজ। এতে সময় অনেক কম লাগবে, গণনা করাও সহজ হবে।