সরাইলে ছোট ভাইদের হামলায় বড় ভাই নিহত

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২১:৩৩
সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সালিশ সভায় ছোট ভাইদের হামলায় বড় ভাই ইউপি সদস্য নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বুড্ডা গ্রামে ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানান, পৈতৃক ৪৫ শতাংশ জায়গা নিয়ে শাহবাজপুর গ্রামের নূরুল ইসলামের পুত্র ইউনিয়ন পরিষদ সদস্য মারাজ মিয়ার (৬০) সাথে তার ছোট ভাই জরু মিয়া, খালেক মিয়া, ফরিদ মিয়া ও শফিক মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মারাজ মিয়ার পিতা নূরুল ইসলাম জায়গাটি মারাজ মিয়াকে রেজিস্ট্রি করে দিলে এ বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধ নিষ্পত্তির জন্য গত মঙ্গলবার রাতে মারাজ মিয়ার বাড়িতে সালিশ সভা বসে। সালিশের এক পর্যায়ে ছোট ভাই জরু মিয়া, খালেক মিয়া, ফরিদ মিয়া ও শফিক মিয়া বড় ভাই মারাজ মিয়া ও তার ছেলেদের উপর হামলা করে। হামলায় মারাজ মিয়া ও তার ছেলে দ্বীন ইসলাম, হাফিজুল ইসলাম ও মেয়ে পুতুল আহত হন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় মারাজ মিয়া ও তার ছেলে দ্বীন ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক মারাজ মিয়াকে মৃত ঘোষণা করেন। দ্বীন ইসলামকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত মারাজ মিয়া শাহবাজপুর ইউনিয়ন পরিষদে ২০ বছর ধরে ইউপি সদস্য ছিলেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী জানান, নিহতের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো মামলা হয়নি।