কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘোষিত ভিশন ২০২২ বাস্তবায়নে এগিয়ে এসেছে ওয়ালটন। প্রতিষ্ঠানটি ১০ লাখ টাকা দেবে বাফুফেকে। গতকাল বুধবার দুইপক্ষের মধ্যে এ নিয়ে চুক্তিও স্বাক্ষর হয়েছে। এর বিনিময়ে বাফুফে ওয়ালটনকে আজীবন এলিট মেম্বার হিসেবে সম্মাননা দেবে।
বাফুফে বর্তমানে ভিশন ২০২২ এর জন্য দেশের ১৫০টি কর্পোরেট প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। এ প্রক্রিয়ায় যারা অংশ নেবে তাদের বাফুফের তরফে এলিট মেম্বারের মর্যাদা দেয়া হবে। তারই অংশ হিসেবে ওয়ালটনের সঙ্গে চুক্তি হল কাল।
ওয়ালটনের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার এ ব্যাপারে বলেন, ‘কাতার ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাইং করতে বাফুফের এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তাই এমন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরাও বাফুফের সঙ্গে থাকতে পেরে আনন্দিত।’
