উত্সবে যুগলবন্দি পোশাক

আপডেট : ০৬ মে ২০১৯, ১৮:৫৭

ঈদ মানেই যেন উত্সবের রঙে নিজেকে রাঙানো। তবে আধুনিক তারুণ্যের মধ্যে যুগলবন্দি পোশাকের চাহিদা বেড়েছে। শুধু যুগলদের জন্য নয়, যারা একই রঙের ও ঢঙের পোশাকে পুরো পরিবারকে সাজাতে চান, তাদের কথা মাথায় রেখেই ফ্যাশন ডিজাইনারেরা ডিজাইন করছেন এসব পোশাক। সালোয়ার-কামিজ, পাঞ্জাবি কিংবা শাড়ি—সব কিছুতেই থাকছে ফেব্রিক, ডিজাইন বা মোটিফের অভিন্ন উপস্থাপনা। ফ্যাশনে যুগলবন্দি পোশাক নিয়ে এবারের মূল ফিচার।

n নওশীন শর্মিলী

 

ফ্যাশন হলো সময়ের বাহন। সময়ের হাওয়ায় ফ্যাশন বদলাতে থাকে নিত্যনতুন আঙ্গিকে। আধুনিক তারুণ্যের মধ্যে যারা বর্ণিল রঙে যুগপত্ রাঙাতে চান, তাদের কথা মাথায় রেখেই ফ্যাশন ডিজাইনারেরা যুগলবন্দি পোশাকের ডিজাইন করছেন। এতে পরিবারের সকলের উপযোগী করে পোশাকের উপস্থাপনায় আনা হয়েছে মেলবন্ধন। সালোয়ার-কামিজ, পাঞ্জাবি কিংবা শাড়ি সবকিছুইতেই থাকছে ফেব্রিক, ডিজাইন বা মোটিফের দারুণ উপস্থাপনা। সালোয়ার-কামিজ আর কুর্তার প্যাটার্নে এবার থাকছে লং ও গাউন স্টাইল, কিছু কাটিংয়ে থাকছে ঘের ও বডি ফিটিংস। মূলত ভালোবাসা দিবসকে সামনে রেখে পোশাক ডিজাইনাররা যুগল আর পরিবারের সদস্যদের কথা চিন্তা করে একই রঙের পোশাক বানানো শুরু করেন। এখন আর ভালোবাসা দিবসে সীমাবদ্ধ নেই এই আয়োজন। সব উত্সবে ফ্যাশন হাউসগুলো যুগলবন্দি পোশাক তৈরি করে। ফ্যাশন হাউস অঞ্জন’সের যুগল পোশাকগুলোয় বেশ গর্জিয়াস নকশা করা। টিনএজারদের জন্য তারা ফিউশনধর্মী ভিন্ন কাটিংয়ে একই নকশার পোশাক তৈরি করেছে। মাঝ বয়সী আর পরিবারের সবার কথা চিন্তা করে রং আর নকশায় পরিবর্তন আনা হয়েছে। উত্সবে মূলত প্রিয়জনের সঙ্গে মিলিয়ে অনেকেই একই রকম পোশাক পরতে চায়। উত্সব পার্বণে এখন যুগল পোশাকের চাহিদা বাড়ছে। বয়স আর আবহাওয়ার কথা চিন্তা করে ডিজাইনারেরা এসব পোশাক তৈরি করছেন। দেশীয় নকশার সঙ্গে মিল রেখে পাশ্চাত্য কাটিংয়ের মিশ্রণে তরুণদের জন্য তৈরি হচ্ছে ভিন্নধর্মী পোশাক। প্রথম দিকে এসব পোশাকে তরুণদের আগ্রহ বেশি থাকলেও এখন সব বয়সীর পছন্দের তালিকায় স্থান পেয়েছে যুগল পোশাক।

 

ডি জা ই না র  ভা ব না

শাহীন আহম্মেদ

প্রধান নির্বাহী, অঞ্জন’স

 

আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব ঈদ। এ উত্সবকে কেন্দ্র করে অঞ্জন’স সবসময় বিশেষ আয়োজন করে থাকে। পোশাক ডিজাইনে সময় একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন যেহেতু গ্রীষ্মকাল তাই এই বিষয়টি অনেক বেশি গুরুত্ব পেয়েছে আমাদের এবারের ঈদ আয়োজনে। এখনকার সময়ে পোশাক পরিধানে একটি পরিচিত শব্দ ‘কমফোর্ট’। ‘কমফোর্ট’ বিষয়েও এবার আমরা অনেক গুরুত্ব দিয়েছি। আমাদের বেশির ভাগ পোশাক দেশীয় সুতি কাপড় দিয়ে করা হয়েছে। একই সঙ্গে লিনেন, সিল্ক, অ্যান্ডি সিল্ক, অ্যান্ডি কটন ও বিভিন্ন ধরনের উইভিং ডিজাইনের কাপড় দিয়ে এবারের আয়োজন সাজানো হয়েছে। প্রতিটি উত্সবে দেশীয় পোশাকের ব্যবহার যেন বৃদ্ধি পায়, সেদিকটা আমাদের মূল ভাবনায় থাকে। অঞ্জন’সের পোশাক দিয়ে প্রতিবারের মতো এবারের ঈদও হবে প্রাণবন্ত ও উত্সবমুখর এই আমাদের ভাবনা।

মডেল        ঋতিকা ও নিহাফ

মডেল        অঞ্জন’স

ছবি          বিশ্বজিত্ সরকার